নীলফামারী, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালনা পর্ষদের বিরোধকে কেন্দ্র করে সৈয়দপুর গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মারধরের শিকার হয়েছেন। আর এর প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা দিনাজপুর-রংপুর বাইপাস সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শাহীন হোসেন এবং অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরে পৌর কাউন্সিলর শাহীনের বিরুদ্ধে মামলাও করেন আমিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে পরিচালনা পর্ষদের সভাপতির সমর্থকরা সদলবলে কলেজে গিয়ে অধ্যক্ষকে তার কক্ষ থেকে বের করে দেয়। এরপর কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে আসে।
সৈয়দপুর থানার ওসি জামাল উদ্দীন সাংবাদিকদের বলেন, হামলায় আমিনুলের মাথা ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়। পরে শিক্ষক-কর্মচারীরা তাকে স্থানীয় ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। হামলার পরপরই কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রংপুর-দিনাজপুর বাইপাস সড়ক অবরোধ করে। একইসঙ্গে থানা ও ইউএনও অফিস ঘেরাও করে শিক্ষার্থীরা।
পরে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগ উঠলেও অধ্যক্ষের ওপর হামলায় নিজের সম্পৃক্ততার কথা প্রত্যাখ্যান করে শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কে বা কারা ওই হামলা করেছে, তা আমি জানি না।"
তবে হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ আমিন সাংবাদিকদের বলেন, "শাহিন হোসেনের মদদে আমার ওপর হামলা হয়েছে। আমাকে জোর করে অফিস থেকে করে দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24