২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পার্বত্য চট্টগ্রামের বিচার ব্যবস্থা খুবই নাজুক'

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিচার ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিচার ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে। শনিবার প্রধান বিচারপতি বলেন, ওখানকার মানুষ অত্যন্ত সহজ-সরল ও সাধারণ। বিচারক ও আইনজীবীরা চেষ্টা করবেন এই সরলতার সুযোগ যেনো অন্য কেউ নিতে না পারে। মানুষের কাছে বিচার প্রার্থনাকে ঝামেলা ও অর্থব্যয়ের কাজ বলে যেন মনে না হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার প্রতিষ্ঠা : জজ আদালত স্থাপন এবং পরবর্তী করণীয় নির্ধারণ' শীর্ষক কর্মশালায় প্রধান বিচারপতি এ কথা বলেন। বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ কর্মশালার আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন (সংশোধিত-২০০৩)-এর আইনটি যখন গতি পাচ্ছিল না, তখন একজন আইনজীবী ওই আইনের অধীনে পার্বত্য চট্টগ্রামে আদালত প্রতিষ্ঠার বিষয়ে হাইকোর্টে একটি রিট করেন। আপিল বিভাগ তখন পার্বত্য তিন জেলায় আদালত প্রতিষ্ঠার রায় দেয়। তিন বছর আগে সরকার সেখানে আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। প্রধান বিচারপতি বলেন, আদালত প্রতিষ্ঠা হলেও নানা সম্যসার কারণে তা পুরোদমে কাজ শুরু করতে পারেনি। তবে ওই (পার্বত্য চট্টগ্রাম) এলাকায় বিচারক কম, অবকাঠামো দুর্বল- এই অজুহাতে হাত পা কোলে করে বসে থাকলে চলবে না মন্তব্য করে খায়রুল হক বলেন, বিদ্যমান আইন ও উপায় উপকরণের পূর্ণ সদ্ব্যবহার করে মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। পার্বত্য অঞ্চলে প্রতিষ্ঠিত আদালতগুলো তিন বছরে কী কার্যক্রম করেছে তার সারাংশ চাইবেন বলেও অনুষ্ঠানে জানান প্রধান বিচারপতি। ব্লাস্ট'র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. শামসুল বারির সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, আইনজীবী জেড আই খান পান্না, শাহদীন মালিক, ইদ্রিসুর রহমান, খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. মোক্তার আহমেদ, রাঙ্গামাটির যুগ্ম-জেলা জজ বদরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৮০৪ ঘ.