২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে দুই পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

পুলিশের হতে আটক শ্রমিকের মুক্তি ও উৎপাদন মজুরি (পিসরেট) বাড়ানোর দাবিতে সাভারে দু'টি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

সাভার, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের হতে আটক শ্রমিকের মুক্তি ও উৎপাদন মজুরি (পিসরেট) বাড়ানোর দাবিতে সাভারে দু'টি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। শনিবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ভিতরে ভারতীয় মালিকানাধীন 'আমরা এ্যাপারেলস লিমিটেড' ও একই এলাকার 'সফটেক্স সোয়েটার লিমেটেড'-এ শ্রমিকরা বিক্ষোভ করে বলে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। এসময় এক শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'আমরা এ্যাপারেলস লিমিটেড'-এর স্টোর ইনচার্জ আল-আমিনকে চুরির অভিযোগে শুক্রবার দিবাগত মধ্যরাতে আটক করা হয়। সকালে শ্রমিকরা কারখানায় এসে সহকর্মীকে আটকের খবর পায় এবং এর প্রতিবাদে কারখানার ভিতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। আশুলিয়া থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে কারখানার পরিচালক হরিশ বাবু থানা থেকে আল আমিনকে ছাড়িয়ে নিয়ে যান। পরে দায়িত্ব বুঝে নিয়ে আল-আমিনকে চাকরিচ্যুত করা হয়। 'আমরা এ্যাপারেলস লিমিটেড'-এর কারখানা ব্যবস্থাপক (উৎপাদন) আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টা থেকে শ্রমিকরা কাজে যোগদান করেছে। আল-আমিনকে চাকুরিচ্যুত করা হয়েছে। মালামাল বাইরে নেওয়ার সময় আল-আমিন আড়াই কার্টন জিপার সরিয়ে ফেলে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে আল-আমিন বা কারখানার শ্রমিকদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি। আশুলিয়া থানার ওসি আরো জানান, ডিইপিজেডের নতুন এলাকায় অবস্থিত 'সফটেক্স সোয়েটার লিমেটেড' কারখানায় দ্বিতীয় সিফটের ৫ শতাধিক শ্রমিক উৎপাদন মজুরি (পিসরেট) বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে। দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। শ্রমিকরা উৎপাদন মজুরি ৬৫ টাকার স্থলে ৭৫ টাকা ও ৫০ টাকার স্থলে ৬৫ টাকা করার দাবি জানিয়েছে। ডিইপিজেড এলাকায় আশুলিয়া থানা পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৩৩ ঘ.