ময়মনসিংহ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলায় বাসচাপায় মটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মোকমিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ওসি এস আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী মুক্তিযোদ্ধা সংসদ পরিবহনের বাসটি পেছন থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন এবং পরে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়।
নিহতরা হলো- ফুলপুরের ভাইটকান্দি গ্রামের ফজর আলী (২৫), দেওখলা গ্রামের বাবুল মিয়া (২৮) এবং শারমিন (১৫)।
পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১২ ঘ.
bdnews24