২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, বাস ভাংচুর

মাদারীপুরের কালকিনিতে দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার পর সড়ক অবরোধ করে বাস ভাংচুর করেছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

মাদারীপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনিতে দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার পর সড়ক অবরোধ করে বাস ভাংচুর করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ১০টায় কালকিনি-ভূরঘাট সড়কে ওই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে। এর পরপরই জনতা রাস্তা আটকে দুটি বাস ভাংচুর করে। নিহত আল আমিন সরদার (১৪) কালকিনি আবুল হোসেন একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র। কালকিনি থানার ওসি মো. শাহিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালকিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি যাত্রীবাহী লোকাল বাস একটি মটর সাইকেলকে ধাক্কা দিলে চালক আল আমিন ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত আল আমিনের সঙ্গী শাওন আহমেদকে (১৩) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা শাহিন জানান, দুর্ঘটনার পরে স্কুলছাত্র ও এলাকাবাসী দুটি বাস ভাঙচুর করে। বেলা সাড়ে ১১টা পর্যন্তকালকিনি-ভূরঘাটা সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে সকাল সাড়ে ৯টার সময় মাদারীপুর-শ্রীনদী সড়কের সদর উপজেলার মিঠাপুরে একটি শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি (টমটম) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলেই এক জন নিহত হয়। নিহত আব্দুর রব মাতুব্বর (৬০) সদর উপজেলার বল্লভদী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হন টমটমের অন্য দুই যাত্রী হায়দার মাতুব্বর (৫২) ও চালক সোহেল (৩৫)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেকেরহাট বন্দরে যাওয়ার পথে ৪০ মণ মাসকলাই ডালভর্তি টমটমটি মিঠাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৫৫ ঘ.