চাঁদপুর, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) আগুন লেগে এক শিক্ষক আহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও অগ্নি-নির্বাপণ কর্মীরা জানিয়েছেন।
হাজীগঞ্জ ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন কর্মকর্তা মনির হোসেন জানান, প্রশিক্ষণ কেন্দ্রের তৃতীয় তলার একটি কক্ষে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
তিনি জানান, সিলিন্ডারটি নিচতলার রান্নাঘরে ছিল। কিন্তু শিক্ষক জেসমিন আক্তার রান্নার সুবিধার জন্য সেটি তৃতীয় তলায় নিজের কক্ষে নিয়ে যান।
রান্না করার সময় সিলিন্ডারে আগুন ধরে তা ওই কক্ষে ছড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। কক্ষের আসবাব, বৈদ্যুতিক মিটার ও বই-খাতা পুড়ে গেছে বলে জানান মনির হোসেন জানান।
তিনি বলেন, "জেসমিন আগুন থেকে রক্ষা পেতে সিলিন্ডারটি তৃতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নিচতলায় ফেলে দেন। এতে তৃতীয় তলার সিঁড়ি থেকে নিচতলার সিঁড়ি পর্যন্ত আগুন ধরে যায়। এই সময় সিঁড়ির বিভিন্ন স্থানে থাকা কিছু আসবাবপত্রও পুড়ে যায়।"
ফায়ার ব্রিগেডের কর্মীরা প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫৫৯ ঘ.
bdnews24