ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আবদুল আলীমকে শুক্রবার সকালে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
সকাল ১১ দিকে তিনি ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পান।
বৃহস্পতিবার জামিন পেলেও জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় এদিন মুক্তি পাননি তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার মো. তৌহিদুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় বন্দিরা লকআপ হয়ে যাওয়ার পর তার (আলীম) জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। কারাবিধি অনুযায়ী লকআপের পর কোনো বন্দিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিধান নেই। তাই শুক্রবার তার মুক্তির ব্যবস্থা করা হয়।"
বয়স, শারীরিক অবস্থা ও মানবিক দিক বিবেচনা করে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল কয়েকটি শর্তে জিয়াউর রহমানের আমলের এই মন্ত্রীর জামিন মঞ্জুর করে।
১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় আদালত এ জামিন দেয়। যুদ্ধাপরাধে গ্রেপ্তার নেতাদের মধ্যে আলীমই প্রথম জামিন পেলেন।
জামিনের শর্ত অনুযায়ী আলীমকে তার পাসপোর্ট ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে জমা দিতে হবে। ঢাকায় ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না।
গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্যও দিতে পারবেন না আলীম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা চলবে না।
এছাড়া আলীমকে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার কাজে সহযোগিতা করতে হবে। ট্রাইব্যুনাল নির্দেশিত সময়গুলোতে হাজির হতে হবে। মোবাইল ফোন ব্যবহার করলে তার নম্বরও ট্রাইব্যুনালের কাছে জমা দিতে হবে। জামিনের সুযোগের কোনো ধরনের অপব্যবহার করা যাবে না।
শর্ত ভাঙলে তাৎক্ষণিকভাবে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হবে বলে ট্রাইব্যুনালের আদেশে উল্লেখ করা হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মার্চ মো. আব্দুল আলীমকে গ্রেপ্তারের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রাতেই জয়পুরহাটে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সরকার গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১২০৩ ঘ.
bdnews24