ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল বিজয় পেয়েছেন বিরোধী দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা।
দুই দিন ভোট গ্রহনের পর বৃহস্পতিবার রাত পৌণে ৪টায় নির্বাচন উপ কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ এ ফল ঘোষণা করেন।
জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সমিতির সভাপতি পদে পুননির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে জয়ী হয়েছেন একই প্যানেলের মো. বদরুদ্দোজা বাদল।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপালনকারী ফাহিমা নাসরিন মুন্নী নির্বাচিত হয়েছেন সমিতির কোষাধ্যক্ষ।
সব মিলিয়ে প্রভাবশালী এই সংগঠনের ১৪টি পদের মধ্যে ১১টিই জিতে নিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সদস্য আইনজীবীরা।
অন্যদিকে সহ সভাপতির দুটি পদের মধ্যে একটি এবং একটি করে সহ সম্পাদক ও সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
সরকার সমর্থক এ প্যানেলের নেতৃত্বে ছিলেন আব্দুল বাসেত মজুমদার ও এসএম আবুল হোসেন। সভাপতি ও সম্পাদক পদের জন্য এ নির্বাচনে লড়েন তারা।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি খন্দকার মাহবুব হোসেন ১০৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আব্দুল বাসেত মজুমদার পেয়েছেন ৯৭৩ ভোট।
সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বদরুদ্দোজা বাদল ১২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আবুল হোসেন ৮০৩ ভোট পেয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি পদে এ কে এম জগলুল হায়দার আফলিক (৯৮৪) ও মো. আসাদুল্লাহ (৯৪৩), কোষাধ্যক্ষ পদে ফাহিমা নাসরিন মুন্নী (১০৫৮), সহ সম্পাদক পদে এ এইচ এম কামরুজ্জামান মামুন (১০৫০) ও এস এম মাসুদ হোসেন দোলন (১০০৪)।
নির্বাচিত সদস্যরা হলেন, বেগম শওকত আরা দুলালী (১০৮০) মার্জিনা রায়হান মদিনা (১০৫৮), এ বি এম রফিকুল হক তালুকদার রাজা ( ১০৪১), জেসমিন আখতার কেয়া ( ১০১৯), এ এস এম মোকতার কবির খান ( ১০১৬), মো. শহীদুল ইসলাম (১০০৬) ও বেগম দেলওয়ারা হাবিব (৯৯৫)।
এছাড়া ইন্ডিপেনডেন্ট লইয়ার্স ফোরাম নামের আরেকটি প্যানেল থেকে মো. শাহজাহান সম্পাদক পদের জন্য লড়লেও জয়ী হতে পারেননি।
বিএনপি চেয়ারপারনের সঙ্গে সমঝোতা হওয়ায় এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদা একেবারে শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছিল।
সভাপতি পদে জাকির হোসেন নামের আরেক আইনজীবী স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন মোট ৩৬ জন। আর ২ হাজার ৩১৮ জন ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ২০৮৫টি।
তিনি বলেন, "প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে বুধ ও বৃহস্পতিবারের এ নির্বাচনে।"
সমিতির বিগত নির্বচনে বিএনপি-জামায়াত সমর্থক প্যানেল সভাপতি ও সম্পাদকসহ ৭টি পদে এবং আওয়ামী লীগ সমর্থক প্যানেল একজন সহসভাপতি, কোষাধ্যক্ষসহ ৭টি পদে বিজয়ী হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসএম/কেএমএস/১৪০৪ ঘ.
bdnews24