২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিয়াকত হত্যা মামলায় ১০ আসামি খালাস

চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতা লিয়াকত হত্যা মামলায় শিবির ক্যাডার সাজ্জাদসহ ১০ আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতা লিয়াকত হত্যা মামলায় শিবির ক্যাডার সাজ্জাদসহ ১০ আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পিপি মোহাম্মদ আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সাক্ষ্য-প্রমাণ শেষে সব আসামিকে খালাস দেন।" খালাসপ্রাপ্ত আসামিরা হলেন শিবির ক্যাডার মো. সাজ্জাদ আলী ওরফে সাজ্জাদ খান, মো. ইসমাইল, আবদুল হালিম কালু, মনা ওরফে মনাইয়্যা, লিয়াকত আলী জসিম, মুন্না, কামাল উদ্দিন, মো. শাহজাহান, মো. নুরুল আবছার ও তামান্না বেগম। এদের মধ্যে কামাল, শাহজাহান, আবছার ও তামান্না জামিনে থাকলেও বাকিরা পলাতক। এছাড়া অপর দুই আসামি আবদুল গণি এবং শিবির ক্যাডার ফাইভ স্টার জসিম মারা যাওয়ায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২ জুন নগরীর পাঁচলাইশ থানার চালিতাতলী এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসীরা নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী খানকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় লিয়াকতের বড়ভাই আবু তাহের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৯৩৩ ঘ.