২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সশিপমেন্টের জন্য বাড়তি সুবিধা দাবি উচিত নয়: মশিউর

ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধার বিনিময়ে ভারতের কাছে বাড়তি কোনো সুবিধা চাওয়া উচিত নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধার বিনিময়ে ভারতের কাছে বাড়তি কোনো সুবিধা চাওয়া উচিত নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে 'বাংলাদেশ-ভারত সম্পর্ক' বিষয়ক এক সংলাপে তিনি বলেন, "আমরা যদি অসভ্য হতাম অথবা আমাদের নেতারা যদি অশিক্ষিত হতেন, তাহলে আমরা বাড়তি সুবিধা চাইতে পারতাম। কিন্তু পরিস্থিতি তো সে রকম নয়।" অবশ্য গত ২ নভেম্বর অর্থমন্ত্রণালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ট্রান্সশিপমেন্টের ওপর শুল্ক আরোপের কথা বলেছিলেন। সেদিন তিনি সাংবাদিকদের বলেন, ট্রানজিটের ওপর কোনো শুল্ক থাকতে পারে না। ট্রান্সশিপমেন্টের ওপর শুল্ক থাকতে পারে। তবে ট্রানজিটের ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবো, তাই একটা ফি থাকতে পারে। প্রধান বিরোধীদল বিএনপি বরাবরই ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতা করে আসছে। গত ৭ নভেম্বর এক জনসভায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে হুঁশিয়ার করে দেন, শুল্ক বা ফি ছাড়া বাংলাদেশের ওপর দিয়ে কোনো বিদেশি গাড়ি চলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সংলাপে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, ট্রানজিট সুবিধা থেকে শুল্ক আদায় করা ঠিক নয়। বরং ভোক্তারা যাতে এর সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ট্রানজিট দিলে ভারতের পক্ষে রপ্তানি বাড়ানো সহজ হবে উল্লেখ করলেও তিনি বলেন, "তবে আমরা যদি কেবল এভাবেই ভাবি, তাহলে বিষয়টি কখনোই সম্ভব হবে না।" ভারতের পশ্চিম অংশ থেকে দীর্ঘ পথ ঘুরে পূর্বাঞ্চলে পণ্য পাঠাতে অনেক বেশি খরচ হয় উল্লেখ করে মশিউর বলেন, ট্রানজিট সুবিধা পেলে তাদের পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে। বাংলাদেশ সরকার দুই দেশের আন্তঃবাণিজ্য ও ট্রানজিটের পথে বাধাগুলো একে একে দূর করার চেষ্টা করলেও জ্বালানি ও পানি বণ্টন ইস্যুতে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন মশিউর। "ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সম্ভবনা রয়েছে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র বাড়িয়ে বাংলাদেশও তা থেকে লাভবান হতে পারে।" প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "ভারতে বিদ্যুৎ উৎপাদন হলে সেখানকার লোকজনই হবে এর মূল গ্রাহক। কিন্তু সরাসরি তা পশ্চিম অংশে নেওয়া হবে খুবই কঠিন। সস্তায় পরিবেশসম্মতভাবে বিদ্যুৎ পেতে হলে বাংলাদেশের সহায়তা তাদের দরকার। আর এক্ষেত্রে আমাদের উচিৎ হবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।" মংলা বন্দর প্রসঙ্গে মশিউর রহমান বলেন, বাংলাদেশ সরকার ভারতকে ওই বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেজন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা প্রয়োজন। "পর্যাপ্ত সংখ্যক জাহাজের আনাগোনা নিশ্চিত করা না গেলে এই বিনিয়োগ সমিচিন হবে না।" ভারতের 'সেভেন সিস্টারস' নামে পরিচিত পার্বত্য এলাকায় বাংলাদেশের ওপর দিয়ে পণ্য পরিবহনে খরচ অনেক কম হওয়ায় ভারত থেকে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কিউ কে আহমেদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরো জোরদার ও গতিশীল করতে ছয়টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এই ক্ষেত্রেগুলো হলো জ্বালানি, কৃষি, খাদ্য নিরাপত্তা, পানি বণ্টন, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ুর পরিবর্তন। নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ যৌক্তিক পরিমাণে বিনিয়োগ করতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি। "সপ্তকোশী নদীর বিষয়ে নেপাল ও ভারত ইতোমধ্যে আলোচনা শুরু করেছে। সম অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশও এই আলোচনায় যোগ দিতে পারে।" সাবেক পররাষ্ট্র সচিব শফি সামি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি চক্র মেনে চলে। "মাঝেমধ্যে দুই দেশের সহযোগিতার মনোভাব তুঙ্গে থাকে। আবার কখনো কখনো থাকে শুধুই অবিশ্বাস।" ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সালমান হায়দার বলেন, "অনেক ভারতীয়র সঙ্গে অনেক বাংলাদেশির চমৎকার বন্ধুত্ব রয়েছে। কিন্তু এই বন্ধুত্বে 'ভ্যালু অ্যডিশন' জরুরি।" অন্যদের মধ্যে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও ভারতের ডেপুটি হাই কমিশনার সঞ্জয় ভট্টাচার্য এই সংলাপে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/এমআই/জেকে/১৬২০ ঘ.