ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চীনের ইউনান প্রদেশের ভাইস-গভর্নর লি জিয়াং বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে চীন থেকে অভিজ্ঞতা অর্জন করছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের ইউনান প্রদেশের ভাইস-গভর্নরের সঙ্গে সাক্ষাতের পরে এ বিষয়ে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
তিনি জানান, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্য তার প্রশংসা করেন লি জিয়াং।
শেখ হাসিনার সর্বশেষ সফরের মধ্যে দিয়ে এই দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন ভাইস-গভর্নর।
ব্যবসা-বাণিজ্যসহ দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন শেখ হাসিনা ও লি জিয়াং।
এরপর, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খালিফ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান, এ সময় বাংলাদেশ থেকে বাহরাইনে জনশক্তি রপ্তানি এবং সেদেশে বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের বিষয়ে শেখ হাসিনা ও শেখ খালেদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খালিফের মধ্যে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী ও সফররত বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রী দু'দেশের মধ্যকার বিরাজমান ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়েও আলোচনা করেন।
সরকারি হিসাবে বাহারাইনে ১ লাখ ৪০ হাজার বাংলাদেশি কর্মরত আছেন।
উভয় সাক্ষাতের সময় আবুল কালাম আজাদ ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৩০ ঘ.
bdnews24