চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র আটকের মামলার অধিকতর তদন্তে আর সময় না নিয়ে মে মাসের মধ্যেই প্রতিবেদন দেওয়ার আশার কথা জানিয়েছে সিআইডি।
এ মামলার অধিকতর তদন্তে দ্বাদশ বারের মতো সময়ের আবেদন করা হলে বুধবার আদালত এ জন্য ১৫ মে পর্যন্ত সময় বাড়ায়।
সময়ের আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন বলেন, বর্ধিত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করে আনা সম্ভব হবে।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীও তদন্ত কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারের মেয়াদের মধ্যেই তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়া যাবে বলে আশা করছি।"
আলোচিত এ মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলা একটি স্পর্শকাতর মামলা। তাই এর তদন্ত কাজ গুছিয়ে আনতে সময় লাগছে।
২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনে আদালত সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে অধিকতর তদন্তে আইও পরিবর্তনের নির্দেশ দেন।
মনিরুজ্জামান আইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধিকতর তদন্তের জন্য ১২ বার সময় বাড়ালেন।
মনিরুজ্জামান বলেন, "আদালত নির্দেশিত সাতটি পর্যবেক্ষণের ছয়টিই উদঘাটন করা গেছে। শুধু অস্ত্র বহনকারী জাহাজটি শনাক্ত করা যায়নি।"
এছাড়া চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাটে অস্ত্র খালাসকালীন সময়ে ডিজিএফআই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদেক হাসান রুমি এবং ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আইও জানান।
এছাড়া সিইউএফএল ঘাটে দায়িত্ব পালনকারী চার আনসার সদস্যের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে বলে তদন্তের সময় বাড়ানোর আবেদনে বলা হয়েছে।
এর আগে গত ২২ ফেব্র"য়ারি একাদশ বার সময় বাড়ানোর আবেদনের শুনানিতে আদালত বারবার সময় বাড়ানোর জন্য উষ্মা প্রকাশ করেন।
অধিকতর তদন্তের জন্য নতুন আইও পরিবর্তনে আদালতের সাতটি নির্দেশনা হল- কে অস্ত্র ও গোলাবারুদ এনেছে, কোন দেশ থেকে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোন জাহাজে করে এসব অস্ত্র বাংলাদেশের জলসীমায় আনা হয়, কীভাবে সিইউএফএল জেটি অস্ত্র খালাসে ব্যবহার হল, দায়িত্বপালনকারী দুই সার্জেন্ট কীভাবে চালান থেকে দুটি অস্ত্র সরিয়ে ফেলে এবং জব্দকৃত অস্ত্র তৈরি হয় কোন দেশে।
২০০৪ সালে ১ এপ্রিল গভীর রাতে সংরক্ষিত সিইউএফএল জেটি ঘাটে পাচারের সময় ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
এই ঘটনায় কর্ণফুলী ানা পুলিশ অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানসহ মোট ১০ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০২৪ ঘ.
bdnews24