২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের ভাসমান ডিপো ডিজেলশূন্য

বোরোর ভরা মৌসুমে কুড়িগ্রামের চিলমারীর ভাসমান তেল ডিপো ডিজেলশূন্য হয়ে পড়েছে। ফলে আবাদের জন্য সেচপাম্পগুলো চালাতে অতিরিক্ত অর্থ দিয়েও তেল পাচ্ছেন না কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

আহসান হাবীব নীলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কুড়িগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরোর ভরা মৌসুমে কুড়িগ্রামের চিলমারীর ভাসমান তেল ডিপো ডিজেলশূন্য হয়ে পড়েছে। সেখান থেকে তেল বিক্রি বন্ধ হয়ে গেছে। তেল সঙ্কটের কারণে উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ডিজেলের দাম প্রতি লিটারে ৩ থেকে ৫ টাকা বেড়ে ৪৮/৫০ টাকায় বিক্রি হচ্ছে। যার প্রভাব গিয়ে পড়ছে ডিজেলচালিত সেচযন্ত্র ব্যবহারকারী কৃষকদের ওপর। ডিপোর তেল ডিলাররা বলছে, কর্তৃপক্ষের অবহেলা ও ব্যবস্থাপনায় সমস্যার কারণে এ সঙ্কট তৈরি হয়েছে। অন্যদিকে কৃষকদের দাবি, সঙ্কটকে পুঁজি করে ডিলাররা তেলের দাম বাড়ানোর সুযোগ পাচ্ছে। কৃষকদের দাবি, এমনিতেই বিদ্যুৎ না পেয়ে ডিজেল দিয়ে সেচের কাজ চালানো অনেক ব্যয়বহুল। তার ওপর ডিজেলের দাম বাড়ায় তারা দিশেহারা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এই ভাসমান ডিপোতে যমুনা ওয়েল কোম্পানির দুটি বার্জ ও মেঘনা ওয়েল কোম্পানির ১টি বার্জে তেল মজুদ রাখার হয়। এই তিনটি বার্জে মোট ১১ লাখ ৩০ হাজার লিটার ডিজেল মজুদ রাখা যায়। কিন্তু মজুদ তলানিতে চলে আসায় যমুনা ৭ মার্চ থেকে এবং মেঘনা ২৩ মার্চ থেকে ডিজেল বিক্রি বন্ধ রেখেছে। এ ডিপো থেকে ২ কোম্পানির ২৩ জন ডিলার বাজারে তেল সরবরাহ করে থাকে। তারা সরকার নির্ধারিত প্রতি লিটার ডিজেল ৪২ টাকা ৬৬ পয়সা দরে উত্তোলন করে খোলা বাজারে ৪৪ টাকা ৪৫ পয়সা দরে বিক্রি বিক্রি করে থাকে। এখন এসব ডিলাররা ভাসমান ডিপো থেকে ডিজেল সংগ্রহ করতে না পেরে, কাছের বাঘাবাড়ী-পার্বতীপুরসহ বিভিন্ন এলাকা থেকে সীমিত পরিমাণে ডিজেল সংগ্রহ করে তা কৃষকের মধ্যে সরবরাহ করছেন। ভাসমান তেল ডিপোর যমুনা ওয়েল কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা ওয়েল কোম্পানির দুটি বার্জের ধারণ ক্ষমতা ৭ লাখ ১০ হাজার লিটার। এখান থেকে প্রতিদিন গড়ে ৩৫ হাজার লিটার ডিজেল বিক্রি করা হয়। ২২ ফেব্র"য়ারি এই ডিপোতে ৪ লাখ ২০ হাজার লিটার ডিজেল নিয়ে একটি জাহাজ এসেছিলো। সেই তেল বিক্রি করার পর ২ বার্জে ডিজেলের মজুদ ৭০ হাজার লিটারে নেমে এসেছে। একে 'ডেডস্টক' বা ন্যূনতম মজুদ (যা আপদকালীন সময়ের জন্য বার্জে বাধ্যতামূলকভাবে ধরে রাখতে হয়) ধরে ৭ মার্চ থেকে বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। যমুনার কর্মকর্তা জানান, 'এমভি তাপস' নামের একটি জাহাজ সাড়ে ৪ লাখ লিটার ডিজেল নিয়ে চিলমারীর উদ্দেশে রওয়ানা দিয়েছে। অন্যদিকে মেঘনা অয়েল কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমত আলী জানান, তাদের একটি বার্জের ধারণ ক্ষমতা ৪ লাখ ২০ হাজার লিটার। এখান থেকে প্রতিদিন গড়ে ৩০ হাজার লিটার ডিজেল বিক্রি হয়। ন্যূনতম মজুদ ২৭ হাজার লিটারে নেমে আসার পর ২৩ মার্চ থেকে এখানে ডিজেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। মেঘনা'র কর্মকর্তা জানান, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাড়ে ৩ লাখ লিটার ডিজেলের চাহিদা চেয়ে পাঠিয়েছেন। উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া ও সাহেবের আলগার চেয়ারম্যান শাহ জামান, চিলমারীর অষ্টমীরচরের চেয়ারম্যান সোহরাব হোসেন, নয়ারহাটের চেয়ারম্যান নওসাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিজেল সরবরাহ কমে গেছে। খুচরা বিক্রেতারা এখন প্রতি লিটার ডিজেল ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছেন। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক জানান, ইতোমধ্যে বাঘাবাড়ী ও পার্বতীপুর তেল ডিপো থেকে চিলমারীর তিন জন ডিলার ২২ হাজার লিটার ডিজেল নিয়ে এসেছে। এ ডিজেল কৃষকদের মধ্যে বিক্রি করা হচ্ছে। ভাসমান তেল ডিপোর ডিলার সোহেল আহমেদ, আজাদুল ইসলাম জানান, আমাদেরকে বাঘাবাড়ী ও পার্বতীপুর ডিপো থেকে তেল আনতে লরি প্রতি খরচ দিতে হচ্ছে ৮-১০ হাজার টাকা। তারপরও চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ে তা পাওয়া যায় না। ফলে তেল আনতে খরচ বেশি পড়ে যাচ্ছে। তারা জানান, এখন তাদের প্রতিলিটার ডিজেলে খরচ পড়ে যাচ্ছে সাড়ে ৪৪ টাকা থেকে ৪৫ টাকা। তবে চিলমারীর মাথাভাঙ্গা গ্রামের বাদশা মিয়া, সাইদুর রহমান, বালাবাড়ী গ্রামের আলমগীর জানান, উপজেলা সদরে তাদের প্রতিলিটার তেল ৪৭-৪৮ টাকায় কিনতে হচ্ছে। চরাঞ্চলের কৃষকদের আরো বেশি দামে ডিজেল কিনতে হচ্ছে বলে জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.