বাগেরহাট, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলায় বাসচাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বেলা ১২টার দিকে পুরাতন বাগেরহাট-রুপসা সড়কের সদর উপজেলার রাংদিয়া কলেজিয়েট স্কুলের সামনে বাসচাপায় কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র সন্দ্বীপ কুমার হালদার (১৯) মারা যান।
এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাগেরহাট দমকল বাহিনীর একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর দুপুর ২টার দিকে পুনরায় চলাচল স্বাভাবিক হয়।
সন্দ্বীপ সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা গ্রামের সন্তোষ হালদারের ছেলে।
বাগেরহাট সদর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে ক্লাস শেষে সন্দ্বীপ সাইকেল নিয়ে কলেজের মূল গেটে আসে। এ সময় রুপসা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ বাস চালক মো. রবিউল ইসলামকে (৩২) আটক করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৪৬ ঘ.
bdnews24