২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পার্বত্য ভূমি বিরোধ অবসানে চাই আদিবাসীদের স্বীকৃতি'

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না মিললে ভূমি বিরোধ নিষ্পত্তি বা তাদের অন্য কোনো সমস্যার সমাধান হবে না বলে মনে করেন আদিবাসী সংক্রান্ত সংসদীয় ককাসের চেয়ারম্যান রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না মিললে ভূমি বিরোধ নিষ্পত্তি বা তাদের অন্য কোনো সমস্যার সমাধান হবে না বলে মনে করেন আদিবাসী সংক্রান্ত সংসদীয় ককাসের চেয়ারম্যান রাশেদ খান মেনন। বুধবার জাতীয় প্রেসক্লাবে অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত 'পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন ২০০১ সংশোধন ও ভূমি সমস্যা সমাধানে করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কাপেং ফাউন্ডেশন, খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি এ সভার আয়োজন করে। মেনন বলেন, যদি আদিবাসীদের সাংবিধানিক অধিকার সংক্রান্ত সমস্যার নিরসন করা যায় তাহলেই ভূমি বিরোধ নিষ্পত্তি, ভূমি কমিশন আইন সংশোধনসহ সব সমস্যার সমাধান হবে। আদি সমস্যার সমাধান না করে কোনো সমস্যার সমাধান করা যাবে না। ভূমি কমিশন আইনের বিরোধাত্মক ধারা সংশোধনে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় একাধিকবার বৈঠক করে ঐক্যমত্যে পৌঁছলেও পরবর্তীতে এ সমস্যা সমাধানে অগ্রগতি না হওয়ার কথা উল্লেখ করে তিনি সাংবিধানিক স্বীকৃতির অভাবকে চিহ্নিত করেন। ভূমি কমিশন পুনর্গঠনেরও সুপারিশ করেন মেনন। আলোচনা সভায় 'পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন হবে কি?' শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন মঙ্গল কুমার চাকমা। মূল বক্তব্যে মঙ্গল কুমার চাকমা বলেন, ২০০১ সালের ভূমি বিরোধ নিষ্পত্তি আইনটি বিভিন্ন সময়ে সংশোধনের জন্য উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ ২০১০ সালে বর্তমান সরকার প্রধানের নির্দেশ সত্ত্বেও এ আইনটির সংশোধন করা হয়নি। লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির মূল বিষয় বাস্তবায়ন করতে হলে ভূমি বিরোধ নিষ্পত্তি করতে হবে। প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছিলেন ভূমি বিরোধ নিষ্পত্তি করেই ভূমি জরিপ করা হবে। তার নির্দেশের পর প্রায় চার মাসের বেশি সময় পার হলেও এ ব্যাপারে কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, পার্বত্য চট্টগাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরা। অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফারাহ কবির অনুষ্ঠান পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/১৬৩৩ ঘ.