চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশন সংলগ্ন তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন (২৭) গাইবান্ধার সাত্তার মিস্ত্রীর ছেলে।
পুলিশ জানিয়েছে, কামাল একটি হোটেলের কর্মচারী। তিনি তালতলা রেলওয়ে বস্তিতে থাকতেন।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে তালতলা রেললাইন পার হচ্ছিলো কামাল। এ সময় চবি ক্যাম্পাস থেকে ছেড়ে আসা ১৩২ নম্বর শাটল ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/আরএ/১৫৩৫ ঘ.
bdnews24