২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার চার উপজেলায় ইউপি নির্বাচন

প্রথম দফা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দ্বিতীয় দিন বুধবার ২৪ ইউপিতে ভোট হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দফা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দ্বিতীয় দিন বুধবার ২৪ ইউপিতে ভোট হবে। তিন বিভাগের চার জেলার চার উপজেলার এ ইউপিগুলোতে সকাল ৮টায় ভোট শুরু হয়ে এক টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাঠোর ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে নির্দেশনা রয়েছে। প্রথম দিনে কয়েকটি এলাকায় অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। "আগামী কয়েকদিনেও যেন কোনো ধরনের অনিয়মের প্রচেষ্টার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে তৎপর নির্বাচনী কর্মকর্তারা। ভোটে কোনো ধরনের সন্ত্রাসী হামলা ও অনিয়নের চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।" ইতোমধ্যে প্রথম দফায় উপকূলীয় এলাকায় নির্বাচন অনুষ্ঠানের সব ব্যবস্থা নিয়েছে ইসি। দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে পাঁচদিন ব্যাপি প্রথম দফা নির্বাচন মঙ্গলবার শুরু হয়। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, প্রথমদিন উপকূলীয় ২৪ উপজেলার একশ ৮৭ ইউপি'র নির্বাচন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে সুষ্ঠু হয় হয়েছে। বুধবার যেসব এলাকায় ভোট ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব (পল্লী) আব্দুল বাতেন জানান, বুধবার বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ছয় ইউপি, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার পাঁচ ইউপি, খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সাত ইউপি ও চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ছয় ইউপিতে ভোট হবে। এসব এলাকায় চেয়ারম্যান পদে একশ ৪৬ জন, সংরক্ষিত সদস্য পদে দুশ ৮১ ও সাধারণ সদস্য পদে আটশ ৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নির্দলীয় এ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত থাকছেন। প্রচারণা ও যানবাহনে নিষেধাজ্ঞা: ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ভোটের ৩২ ঘণ্টা আগে থেকে বহিরাগতদের (যারা এলাকার বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকায় অবস্থান না করার নির্দেশনা দিয়েছে কমিশন। ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন এবং রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব ধরনের প্রচার বন্ধ থাকবে। ইসি কর্মকর্তা জানান, ভোটের আগের দিন মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মটর সাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে। পরদিন রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে। ভোটের দিন রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, টেম্পু, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলও নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন: আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের এক দিন আগে ও পরে মিলিয়ে মোট তিন দিন নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবে। এ সময় নির্বাহী হাকিমের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৪২ ঘ.