২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হারানো ভাইবোন মাদারীপুরে উদ্ধার

ঢাকা থেকে হারিয়ে যাওয়া দুই শিশু ভাইবোন মাদারীপুরের কালকিনিতে উদ্ধার পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

মাদারীপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে হারিয়ে যাওয়া দুই শিশু ভাইবোন মাদারীপুরের কালকিনিতে উদ্ধার পেয়েছে। কালকিনির এনায়েত নগর ইউনিয়নের মৌলভীকান্দি বাজারে লোকজন তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এরা হলেন তৌহিদুল ইসলাম তুহিন (১০) ও সুমাইয়া আক্তার তুষি (৭)। তুহিন ঢাকার হাজারীবাগ এলাকার নুরে হাওয়া মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র এবং তুষি সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। এরা দু'জন নিজেদের ভাইবোন বলে জানাতে পারলেও তাদের বাসার ঠিকানা বলতে পারছে না। তাদেরকে কালকিনি থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস বেপারী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তুহিন ও তুষি ঢাকা থেকে মাদারীপুরগামী লঞ্চে এসে মঙ্গলবার সকালে কালকিনির সমিতির হাট ঘাটে নামে। তারা মৌলভীকান্দি বাজারে ঘোরাফেরা করতে থাকলে স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চায়।" তারা ঠিকানা বলতে না পারায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা শিশু দুটিকে উদ্ধার করে কালকিনি থানা পুলিশে খবর দেয়। কুদ্দুস বেপারী বলেন, "শিশু দুটিকে প্রথম অবস্থায় খুবই ক্লান্ত লাগছিলো। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা চাঙ্গা হয়ে ওঠে।" অপহরণকারীরা শিশু দুটিকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে লঞ্চে করে কোথাও নিয়ে যাওয়ার পথে তারা ভাগ্যক্রমে বেঁচে গেছে বলে ধারণা করছেন তিনি। এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. শাহিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশু দুটিকে কালকিনি থানায় আনা হয়েছে। তারা বাসার ঠিকানা বলতে না পারলেও তাদের স্কুলের নাম বলতে পেরেছে। আমরা সেই সূত্র ধরেই ঠিকানা খুঁজে শিশু দুটিকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৮৪৪ ঘ.