২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরের লাশ উদ্ধার, এলাকাবাসীর বিক্ষোভ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক মুদি দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

মুন্সীগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক মুদি দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসী ও নিহতের পরিবারের দাবি, মো. জসীমকে (১২) হত্যা করা হয়েছে। কিন্তু দোকান মালিক বলছে, সে আত্মহত্যা করেছে। সোমবার সকালে জসীম নিহত হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। দুপুরে এলাকাবাসী তার লাশ নিয়ে মিছিল করে। মো. জসীম মুন্সীগঞ্জ সদর উপজেলার আজিমপুরা গ্রামের নুরুল হক বেপারীর ছেলে। পাশের টঙ্গীবাড়ী উপজেলার আলদী বাজারের মুক্তার ঢালীর মুদি দোকানে কাজ করত। নিহতের মা জেসমিন বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে প্রতিদিনের মতো জসীম কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। আধঘণ্টা পরই তারা জানতে পারেন দোকানের গুদামে জসীমের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। দোকান মালিক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জসীম আত্মহত্যা করেছে।" টঙ্গীবাড়ি থানার ওসি মো. আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, ময়নাতদন্ত শেষে সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাকে হত্যা করা হয়েছে দাবি করে দুপুরে গ্রামবাসী মিছিল বের করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ ঘটনায় জসীমের মা বাদী হয়ে দোকান মালিক মোক্তার ঢালি ও আবুল ঢালীর বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, বলেন ওসি। এখনো কাউকে গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৬ ঘ.