ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরিদ্র রিকশাচালক ইউসুফ তার স্বপ্ন টিকিয়ে রাখার একটা সাহায্য পেয়েছেন। কানাডা প্রবাসী একজন বাঙালি ইউসুফের দিকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে ইউসুফের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রবাসী।
'বাঁচার জন্য সর্বস্ব ত্যাগ' শিরোনামে গত ১৭ মার্চ ওই প্রতিবেদন প্রকাশিত হয়। এতে রিকশাচালক ইউসুফের পরিবারের করুণ কাহিনী ফুটে উঠে। আর তা দেখে ইউসুফের পরিবারকে ৪৪ হাজার ৮৩ টাকা সাহায্য পাঠিয়েছেন ওই কানাডা প্রবাসী।
গত ২৮ আগস্ট ইউসুফের স্ত্রী ফুলনাহার এক সড়ক দুর্ঘটনায় আহত হন। ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর বড়ইতলা বাসস্ট্যান্ডের কাছে রাস্তা সংলগ্ন নিজ বাড়ির সামনে ইউসুফের রিকশা থেকে নামছিলেন ফুলনাহার। এমন সময় একটি গাড়ি (হিউম্যান হলার) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে তাদের রিকশার ওপর উঠে যায়। ফুলনাহার গাড়িচাপা পড়ে মারাত্মকভাবে আহত হন।
ফুলনাহারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার দেহে দুদফায় অস্ত্রোপচার করা হয়। স্ত্রীর চিকিৎসার জন্য দরিদ্র ইউসুফ তার তিনটি রিকশা, আমগাছ এবং ভিটে বাড়ি বিক্রি করে সহায় সম্বলহীন হয়ে পড়েন।
ফুলনাহার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ৫ সদস্যের পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে ইউসুফ চোখে অন্ধকার দেখছিলেন। এ অবস্থায় এই সাহায্যের অর্থ তার জন্য খানিকটা স্বস্তি এনে দিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ইউনিট ২-এর প্রধান চিকিৎসক মো. শামসুজ্জামান মঙ্গলবার হাসপাতালের বেডে ফুলনাহারের কাছে এই সাহায্যের অর্থ হস্তান্তর করেন।
এভাবে সাহায্য নিয়ে কেউ এগিয়ে এসেছে তা যেন বিশ্বাস করতে পারছিলেন না ইউসুফ। কান্না জড়িত কণ্ঠে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এভাবে সাহায্য পাব তা আমি চিন্তাও করতে পারিনি।"
তিনি বলেন, "আমি আবার রিকশা কিনব। আমরা আবার সুখী জীবন গড়ে তুলব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএম/কেএমএস/১৭২১ ঘ.
bdnews24