ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট অভিযানে এবার যাচ্ছেন পর্বাতারোহী সজল খালেদ।
আগামী মাসে সজল খালেদ নেপাল থেকে এভারেস্ট অভিযান শুরু করবেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। অভিযানে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল ও মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু মাউন্ট এভারেস্টে নিয়ে যাওয়ার জন্য সজলের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
সংবাদ সম্মেলনে বিএমটিসি'র প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, অভিযাত্রী দল আগামী ৫ এপ্রিল নেপালের উদ্দেশ্য রওয়ানা হবে। একই সঙ্গে একটি ট্রেকিং দল বেস ক্যাম্প ট্রেকিং এ অংশ নেবে।
আগামী ১০ এপ্রিলের পর সজল এভারেস্ট অভিযান শুরু করবে জানিয়ে তিনি বলেন, ৫০ থেকে ৬০ দিনের মধ্যে সজলের এভারেস্ট জয়ের সম্ভবনা রয়েছে।
সজল খালেদ বলেন, আশা করছি এ অভিযানে দেশবাসী আমার সঙ্গে থাকবে।
সহযোগিতার জন্য আল-আরাফাহ্ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
২০০০ সালে হিমালয়ে প্রশিক্ষণের মাধ্যমে পর্বতারোহণ শুরু করেন সজল খালেদ। এ যাবৎ হিমালয় ও আল্পসে ১০টি অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন।
সংবাদ সম্মেলনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আমিন আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
গতবছর বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৫০৭ ঘ.
bdnews24