ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম পর্যায়ে উপকূলের ১৮৭ ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ২৪ উপজেলার ১৮৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। তা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে বলে বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধি খোন্দকার দেলোয়ার জালালী বাউফল উপজেলার দুটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্র দেখেছেন।
এ দুটি কেন্দ্র হলো- আদাবাড়িয়া ইউনয়নের নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও বগা ইউনিয়নের বগা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। সকালে কেন্দ্র দুটিতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৪টি ইউনিয়নে মঙ্গলবার ভোট হচ্ছে। এসব ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ১২৭টি।
জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাউফল উপজেলার ১ লাখ ৯২ হাজার ২৬১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে ৯২ হাজার ২৬১ জন পুরুষ এবং ৯৩ হাজার ৭৫৯ জন নারী।
স্থানীয় সরকার কাঠামোয় প্রাথমিক এ স্তরে উৎসবের আমেজেই ভোটগ্রহণ চলছে বলে অন্য জেলাগুলো থেকেও খবর আসছে। ভোট দিতে ও ভোট গ্রহণের সুবিধার জন্য নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নির্দলীয় এ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করেন তিনি। প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এই নির্বাচন কমিশনার।
অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, ভোটারদের নির্বিঘে
bdnews24