২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধবাহী বিমান গেলো জাপানে

ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের দুর্গত মানুষের জন্য ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ মঙ্গলবার রওনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 07:06 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের দুর্গত মানুষের জন্য ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ মঙ্গলবার রওনা হয়েছে। ওষুধ সামগ্রীবাহী উড়োজাহাজটি মঙ্গলবার সকাল ৭টায় জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাপানের জনগণের জন্য এসব সামগ্রী পাঠানো হচ্ছে। গত ১১ মার্চ ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর ১০ মিটার উঁচু সুনামিতে ভেসে যায় জাপানের উত্তর-পূর্ব উপকূল। সেখানে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ভূমিকম্পের পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের তিনটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে ও একটিতে আগুন ধরে যায়। ফলে ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় নিঃসরণ শুরু হয়। ভূমিকম্পের পরপরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্যোগ কবলিত জাপানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়। গত ১৫ মার্চ স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক খন্দকার মো. সেফায়েতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপানে পাঠানোর জন্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই চিকিৎক দলের সঙ্গে কিছু ওষুধ ও খাবার জাপানের দুর্গত মানুষদের জন্য পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এনআইএইচ/জেকে/আরএ/১২৫৩ ঘ.