চাঁদপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা নিধন বিরোধী অভিযানে আটক ১০ জেলের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি ভ্রাম্যামাণ আদালত।
সোমবার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ এই ১০ জেলেকে আটক করেছে টাস্কফোর্স।
বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনারর বিভিন্ন স্থানে জাটকা নিধন বিরোধী টাস্কফোর্স এই অভিযান চালায় বলে কোস্টগার্ড জানায়।
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেলের নেতৃত্বে অভিযানে কোস্টগার্ডও অংশ নেয়।
কোস্টগার্ডের পেটি অফিসার এম এন জামান সাংবাদিকদের বলেন, আটক করা কারেন্ট জাল রাতেই শহরের ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।
এছাড়া আটক ১০ জেলের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- আলী প্রধানীয়া (৬০), নুর মোহাম্মদ (৫৩), মজিবুল হক (৩৫), মঙ্গল বেপারী (৩০), আব্বাছ (২৫), রুবেল সরকার (২০), আবদুল বকাউল (২৭), আলমগীর হাওলাদার (৩৫), বিল্লাল বকাউল (৩০) ও মোস্তফা (৩৫)।
এদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।
ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীতে দুই মাস (১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ।
এ নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জেল খাটা, জাল পুড়িয়ে ফেলা ও ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৭ ঘ.
bdnews24