চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর হালিশহরে স্কুলছাত্র আবদুল্লাহ আল মাসফির হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার সৎ মা তাসফিয়া ছফা কুমকুম (২৫)।
মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপ-পরির্দশক জাবেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমকুম সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
গত ২৩ মার্চ দুপুরে হালিশহর সিডিএ আবাসিক এলাকায় রাঙ্গামাটি মহিলা কলেজের অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের বাড়ি থেকে তার ছেলে মাসফির লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময়ই কুমকুমকে গ্রেপ্তার করা হয়।
উপ-পরির্দশক জাবেদ জানান, কুমকুম সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আদালতে জবানবন্দি দেন। মাসফি হত্যার ঘটনায় আবদুল্লাহ আল মামুনের চাচী মমতাজ বেগমও জড়িত বলে জবানবন্দিতে দাবি করেন তিনি।
এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাতেই হালিশহর এলাকা থেকে মমতাজ বেগমকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ।
কুমকুমের জবানবন্দির বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা জানান, মমতাজ বেগমের প্ররোচনায় তার এনে দেওয়া বিষ ডালের সঙ্গে মেশিয়ে ২২ মার্চ সকালে বাবার বাড়িতে চলে যান কুমকুম। পরে কোনো এক সময় মমতাজ বেগম বাড়িতে এসে মাসফিকে বিষ মেশানো ডাল দিয়ে ভাত খাওয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২২২৬ ঘ.
bdnews24