সিলেট, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার নগরীর জিন্দাবাজার-লামাবাজার সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।
বিক্ষোভকারীরা সন্ধ্যায় সড়কের মির্জাজাঙ্গালে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয়। ওই সময় নগরীতে ব্যাপক যানযট সৃষ্টি হয়।
পরে সন্ধ্যা সাতটার দিকে সিলেট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও পুলিশ গিয়ে বিদ্যুৎ সংযোগের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে বলে জানায় পুলিশ ও স্থানীয় অধিবাসীরা।
এলাকাবাসীর অভিযোগ, ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় গত তিন দিন ধরে নগরীর মির্জাজাঙ্গাল, লামাবাজার, মনিপুরী রাজবাড়ি ও দাড়িয়াপাড়ার একাংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিদ্যুৎ বিভাগ ওই বিকল টান্সফরমারটি খুলে নিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন ট্রান্সফরমার বসানো হয়নি। ফলে ওইসব এলাকার হাজারো মানুষকে বিদ্যুতের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহীনুল হক খান বলেন, বিকল ট্রান্সফরমারটি মেরামতের কাজ চলছে। শিগগিরই এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, সন্ধ্যায় বিদ্যুতের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করলেও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এইচএ/২১১৩ ঘ.
bdnews24