২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব পাচার বালি সম্মেলনে প্রতিবেদন পড়বেন পররাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ায় বালি প্রসেসের চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের পক্ষে 'মানব পাচার রোধ আইন-২০১১' এর খসড়া উপস্থাপন করবেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ায় বালি প্রসেসের চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের পক্ষে 'মানব পাচার রোধ আইন-২০১১' এর খসড়া উপস্থাপন করবেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। মানব পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ বন্ধে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগামী ২৯ ও ৩০ মার্চ এ সম্মেলন হওয়ার কথা। পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে চার সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা এ সম্মেলনে যোগ দিতে সোমবার রাত ১টা ২০ মিনিটে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবদ সম্মেলনে জানানো হয়েছে। এতে বলা হয়, দীপু মনি এ সম্মেলনে মানব পাচার পরিস্থিতি এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করবেন। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া যৌথভাবে এবারের বালি প্রসেস সম্মেলনে সভাপতিত্ব করবে। এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশগুলো এতে অংশ নেবে। মানব পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ বন্ধে ২০০২ সালে বালি প্রসেস শুরু হওয়ার সময় থেকেই বাংলাদেশ সক্রিয়ভাবে এতে অংশ নিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০৩৩ ঘ.