২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মানহানি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

গোপালগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মোল্লা সাইফুল ইসলাম সোমবার এ আদেশ দেন। এদিন ছিল এই মামলায় আসামিদের হাজিরার দিন। অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামির মধ্যে এই তিনজন হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানার অপর দুই সাংবাদিক হলেন দৈনিক ডেসটিনির কোটালীপাড়া প্রতিনিধি এইচএম মেহেদী হাসানাত ও পাক্ষিক মাতৃমুক্তির ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর হোসেন শেখ। গত বছরের ২৫ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় 'কোটালীপাড়ায় যুদ্ধাপরাধীদের তালিকায় আ'লীগের শীর্ষ নেতা ও তাদের স্বজনরা' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই বছরের ১২ মে গোপালগঞ্জের আইনজীবী দেলোয়ার হোসেন সরদার অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিম আলমগীর কবীরের আদালতে এই মানহানির মামলাটি করেন। মামলায় আসামিরা হলেন- দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী, কোটালীপাড়া প্রতিনিধি মিজানুর রহমান বুলু, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত, দৈনিক ডেসটিনির কোটালীপাড়া প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত, দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা, মাতৃমুক্তির ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন শেখ। ৩ জুন কোটালীপাড়া থানা মামলাটি গ্রহণ করে। তদন্ত শেষে হাসমত আলী, মাহবুব হোসেন সারমাত, মনোজ সাহাকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে এই অভিযোগপত্রে বাদী নারাজি দেন। সোমবার অভিযোগপত্রের উপর শুনানি শেষে নারাজির আবেদন খারিজ করে ওই তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। সবমিলিয়ে সাত মাস সাজা খাটার পর গত ১৭ মার্চ মুক্তি পান মাহমুদুর। গত বছর ১৯ অগাস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত আবমাননার জন্য মাহমুদুরকে ছয় মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেন। এর আগে ২ জুন তাকে গ্রেপ্তার করে একই দিন তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি করা হয়। গ্রেপ্তারের পর মানহানিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ৪৯টি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.