ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১১ জন উপসচিবসহ ১৮ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত গোলাম মোস্তফাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মো. মনিরুজ্জামানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও এমএ হালিমকে অর্থ বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব কমলা রঞ্জন দাসকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে সংযুক্ত করা হয়।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আকমল হোসেন, আবুল কালাম আজাদ, আবদুল মালেক, খাইরুল ইসলাম, এসএম শিবলী নাজির, আয়েজুদ্দিন ও সাইফুল্লাহ মকবুল মোর্শেদকে একই মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
অন্যদের মধ্যে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শাখাওয়াত হোসেনকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব খান নূরুল আমিনকে নোয়াখালী, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আরিফকে ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহীর ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা মাইনুল হক আনসারীকে কুড়িগ্রাম ও খুলনার ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা শাহ নেওয়াজ তালুকদারকে বাগেরহাটের এডিসি নিয়োগ করা হয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব ফেরদৌস রৌশনারাকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ওই পদে নতুন করে পদায়ন করা হয়েছে ন্যস্ত সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ হোসেনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮২৪ ঘ.
bdnews24