ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে, টেকসই পরিবেশ এবং উন্নয়নের জন্য ব্যক্তিগত, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে দ্রুততার সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন শেখ হাসিনা।
"ন্যায়বিচারের স্বার্থে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমষ্টিগতভাবে কিন্তু ভিন্নতর দায়িত্ববোধ এবং সক্ষমতা দিয়ে মোকাবেলা করা প্রয়োজন। কারণ, ধনী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্যাস নির্গমণ করছে। তাদের ক্ষতিগ্রস্তদেশগুলোর অভিযোজন কার্যক্রমে জোরালোভাবে এগিয়ে আসা প্রয়োজন।"
রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সোমবার সকালে কমিউিনিটি বেজড অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ শীর্ষক সপ্তাহব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনে শেখ হাসিনা এ সব কথা বলেন।
সম্মেলনে বাংলাদেশসহ ৬০টি দেশের প্রায় তিন'শ প্রতিনিধি অংশ নিচ্ছে।
জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে আখ্যায়িত করেন শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকির বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
"জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ। কিন্তু, তারা এর জন্য কোনোভাবেই দায়ী নয়।"
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নেওয়া ব্যবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যা সমাধানের লক্ষ্যে জাতীয় জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।
"উন্নয়ন সহযোগিরা এই তহবিলে এ পর্যন্ত ১০ কোটি মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে।"
এই সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ সাহায্য প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। কারণ, এ সমস্যা মোকাবেলায় আমাদের কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেসবাউল আলম, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক ড. আতিক রহমান এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) সিনিয়র ক্লাইমেট ফেলো ড. সেলিমুল হক বক্তব্য রাখেন।
দেশ-বিদেশের পরিবেশবিদ, শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী ও এনজিও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮০৩ ঘ.
bdnews24