২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ: ব্যালটিদের খরচ হবে ২ লাখ ৫৯ হাজার টাকা

এবার সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) হজ করতে খরচ পড়বে জনপ্রতি ২ লাখ ৫৯ হাজার টাকা। বাংলাদেশ থেকে মোট এক লাখ কুড়ি হাজার লোক এবার হজ করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) হজ করতে খরচ পড়বে জনপ্রতি ২ লাখ ৫৯ হাজার টাকা। বাংলাদেশ থেকে মোট এক লাখ কুড়ি হাজার লোক এবার হজ করতে পারবেন। এ দুটি সিদ্ধান্তসহ জাতীয় হজনীতি ২০১০-২০১৪ (সংশোধন) ও হজ প্যাকেজ সোমবার অনুমোদন করেছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। তিনি বলেন, গত ২ মার্চ বাংলাদেশ ও সৌদি আরব সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এ বছর প্রায় এক লাখ ২০ হাজার বাংলাদেশি হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৫ হাজার। আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, গত বছর বাংলাদেশিরা সুন্দরভাবে হজ করেছেন। এবারো সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।" সরকারি ব্যবস্থাপনায় যারা হজ করবেন, তাদের প্রত্যেকের খরচ পড়বে দুই লাখ ৫৯ হাজার ৪২ টাকা। এছাড়া প্রত্যেকে ৩০ হাজার টাকা করে নিজের সঙ্গে নিতে পারবেন বলে প্রেস সচিব জানান। আর বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ করতে যাবেন, তাদের প্রত্যেককে এক লাখ ৩৩ হাজার টাকা করে জমা দিতে হবে। হজযাত্রীদের বিমান ভাড়া বাবদ খরচ হবে এক লাখ ১০ হাজার ৯৫০ টাকা এবং বাড়ি ভাড়া বাবদ এক লাখ ৯ হাজার ৮০ টাকা। আবুল কালাম আজাদ বলেন, গত বছর প্রতি ৬০ জন হজযাত্রীর জন্য একজন করে গাইডের ব্যবস্থা ছিলো। এবার প্রতি ৪৫ জনের জন্য একজন করে গাইড থাকবে। রাবার বোর্ড আইন সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ রাবার বোর্ড আইন-২০১১ এর খসড়া প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান। এ প্রসঙ্গে আজাদ বলেন, "১৯৭৪ সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ৯৩ হাজার ৯৮৫ একর জমিতে রাবার চাষ হচ্ছে। রাবারের চাষ ও উৎপাদন বাড়াতে বাংলাদেশ রাবার বোর্ড আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।" তিনি জানান, বৈঠকে শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত 'ইউনেস্কো ফোরাম অব মিনিস্টারস ইন চার্জ অব সোশ্যাল ডেভেলপমেন্ট ফ্রম সাউথ এশিয়া' এর তৃতীয় সভায় গৃহীত 'কলম্বো ঘোষণা' সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এছাড়া খাদ্যমন্ত্রীর ইউক্রেন সফর এবং শিক্ষামন্ত্রীর মালদ্বীপ সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএন/জেকে/১৮২৩ ঘ.