ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া ছেড়ে যাওয়ার সময় গ্রিসে সাগরে ডুবে মারা যাওয়া আরো চার বাংলাদেশির লাশ এসেছে।
সোমবার ঢাকায় পৌঁছার পর লাশগুলো স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে রাখা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মোট ১০টি লাশ এলো। এর আগে আসে তিনটি।
জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর যুগ্ম সচিব মাফরুহা সুলতানা সাংবাদিকদের বলেন, নিখোঁজ হওয়া ১৪ জনের মধ্যে মোট ১৩টি লাশ আমরা পেয়েছি।
তিনি আরো জানান, প্রতিটি কফিনের ওপরে নাম লেখা রয়েছে। তবে পরিচয় বিভ্রাট যেন না ঘটে, সে জন্য নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ সনাক্ত করবে।
লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলন প্রবল হয়ে ওঠার প্রেক্ষাপটে সংঘাত-সহিংসতা শুরু হলে সেখানে থাকা বাংলাদেশিরা পালাতে শুরু করে।
এর মধ্যে দুই সপ্তাহ আগে এক দল বাংলাদেশি জাহাজে করে পালানোর সময় গ্রিস উপকূলে উঠতে জাহাজ থেকে লাফিয়ে পড়ে। এর মধ্যে ১৪ জনের মৃত্যু নিশ্চিত করে গ্রিস কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24