ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
"ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়।"
রোববারই রাত ৯টার কয়েক মিনিট আগে আব্দুল আলীমকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রাত ১০টার দিকে আব্দুল আলীমকে নিয়ে পুলিশ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে- জানান এসপি মোজাম্মেল।
তিনি বলেন, সোমবার সকাল ১০টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হতে পারে।
এদিকে ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার (যাত্রাপথের সময় ব্যতীত) মধ্যে আলীমকে ট্রাইব্যুনালে হাজির করানোর নির্দেশ দিয়েছিলো ট্রাইব্যুনাল। পুলিশ তাকে নিয়ে আসলে তখন ট্রাইব্যুনাল বসবে এবং শুনানি করবে।
আলীমকে ১০ সদস্যের একটি পুলিশ দল গ্রেপ্তার করে বলে জানান জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল।
তিনি জানান, সদর থানায় আব্দুল আলীমের শারীরিক পরীক্ষা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে তার পরীক্ষা করা হয়নি।
আব্দুল আলীমকে গ্রেপ্তারে পুলিশের প্রস্তুতির কথা রাত ৮টার দিকে জানিয়েছিলেন এসপি মোজাম্মেল হক।
তিনি বলেন, ইতোমধ্যে সদর থানায় ১০ জন পুলিশ ও ৩ জন চিকিৎসক প্রস্তুতি নিয়েছেন।
জয়পুরহাট সদর থানা ও আব্দুল আলীমের বাসা কাছাকাছি।
আলীমের বাসভবনের আশপাশে কয়েকশ জড়ো হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রোববার আব্দুল আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
তদন্ত সংস্থার আবেদনে প্রেক্ষিতে ট্রাইবুনাল এই নির্দেশ দেয়।
তদন্ত সংস্থা আগেই জানিয়েছিলো, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে এক সময়ের মুসলিম লীগ নেতা ও পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী আলীমের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর ট্রাইব্যুনাল বিধিমালার ৩৪(১) অনুচ্ছেদ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে (যাত্রা পথের সময় ব্যতীত) আলীমকে হাজির করতে পুলিশকে বলা হয়েছে।
অশীতিপর আলীমের শারীরিক অবস্থা তত্ত্বাবধায়ন করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
গ্রেপ্তারের পর আদালতে হাজির করার দিন পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলে ট্রাইব্যুনাল জানায়।
বিএনপির সংসদ সদস্যকে সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয় গত বছরের ১৬ ডিসেম্বর। এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি আগামী ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল।
অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে এদিন আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা। এ আবেদনের শুনানিও আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/সিএস/কেএমএস/পিডি/২৩১৮ ঘ.
bdnews24