ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরায় 'পালটানা বিদ্যুৎ কেন্দ্র' নির্মাণের জন্য কলকাতা থেকে আসা যন্ত্রপাতির প্রথম চারটি চালান রোববার মধ্যরাতে আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্তের উদ্দেশে রওনা হওয়ার কথা।
আর এর মধ্য দিয়েই ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহন শুরু হচ্ছে।
এসব যন্ত্রপাতি পরিবহনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান গাল্ফ ওরিয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহফুজ হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার মধ্যরাতে যন্ত্রপাতির প্রথম চারটি চালান আখাউড়া সীমান্তের দিকে রওনা হবে।"
একইসঙ্গে নৌ ও সড়ক পথে আন্তঃসীমান্ত পণ্য পরিবহনের প্রক্রিয়াকে ট্রান্সশিপমেন্ট বলা হয়। ১৯৭২ সালের ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (আইডব্লিউটিটি) চুক্তি অনুযায়ী গত বছর আশুগঞ্জ বন্দরকে 'পোর্ট অব কল' ঘোষণার পর ভারত প্রথমবারের মতো এই সুবিধা পচ্ছে।
পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভারি যন্ত্রপাতি নিয়ে গত ফেব্র"য়ারি মাসে কলকাতা থেকে দুটি নৌযান আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছায়। সেখান থেকে চারটি ট্রেলারে করে যন্ত্রপাতিগুলো আখাউড়া সীমান্তে নেওয়া হবে বলে শেখ মাহফুজ জানান।
এর মধ্যে তিনটি ট্রেলার ১২০ চাকার; একটি ১২৮ চাকার। প্রথম দফায় এই চারটি বাহনে করে ৮০ টন মাল পরিবহন করা হবে।
ট্রেলারগুলো সীমান্ত পর্যন্ত যাবে ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে। এতে ভোর পর্যন্ত সময় লেগে যাবে। পুরো বিষয়টির তত্ত্বাবধান করবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও শুল্ক বিভাগ।
পালটানা বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি পরিবহনের জন্য সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে গাল্ফ ওরিয়েন্ট এরইমধ্যে ১৫ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করেছে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান।
মাহফুজ হামিদ বলেন, "আগামী জুনের মধ্যে আমরা মোট ৯৬টি চালান নিয়ে যাবো। এর মধ্যে ১৬টি চালান ইতোমধ্যে আশুগঞ্জে পৌঁছেছে।"
প্রতিটি চালানের ওজন ২০ থেকে ২৮৫ টন হবে বলে জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৫ সালের অক্টোবরে ৪৫০০ কোটি রুপির পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু রেলপথে ভারতের পশ্চিমাঞ্চল থেকে থেকে ত্রিপুরার পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছানো সম্ভব না হওয়ায় প্রকল্পের কাজ বিলম্বিত হয়।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের ওপর দিয়ে এসব যন্ত্রপাতি স্থানান্তরের বিষয়ে সমঝোতা হয়।
এ লক্ষে গত বছর মে মাসে আইডব্লিউটিটি সংশোধন করে আশুগঞ্জ নৌবন্দরকে দ্বিতীয় ট্রান্সশিপমেন্ট পয়েন্ট ও পঞ্চম পোর্ট অব কল ঘোষণা করা হয়। গত নভেম্বরে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২৩৪৮ ঘ.
বাংলাদেশ/আদার টপ
বিএন-
পালটানা-আশুগঞ্জ
আশুগঞ্জ দিয়ে ট্রান্সশিপমেন্ট শুরু ২০ মার্চ
ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরায় 'পালটানা বিদ্যুৎ কেন্দ্র' নির্মাণের জন্য কলকাতা থেকে আসা যন্ত্রপাতি আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্তে পাঠানোর কাজ আগামী ২০ মার্চ শুরু হবে।
এসব যন্ত্রপাতি পরিবহনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান গাল্ফ ওরিয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহফুজ হামিদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি চেয়েছি। অনুমতি পাওয়া গেলে ২০ মার্চ থেকেই পরিবহনের কাজ শুরু হবে।"
পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভারি যন্ত্রপাতি নিয়ে গত ২২ ফেব্র"য়ারি কলকাতা থেকে দুটি নৌযান ভারত ছাড়ে। কয়েকদিন আগে নৌযান দুটি আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছায় বলে ওএনজিসি ত্রিপুরা কম্পানির ভারপ্রাপ্ত কর্মকর্তা কে শ্রীনিবাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গত বছর আশুগঞ্জ বন্দরকে 'পোর্ট অব কল' ঘোষণার পর বাংলদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের (ট্রান্সশিপমেন্ট) প্রথম চালান হবে এটি।
গাল্ফ ওরিয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "আগামী জুনের মধ্যে আমরা মোট ৯৬টি চালান নিয়ে যাবো। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।"
প্রতিটি চালানের ওজন ২০ থেকে ২৮৫ টন হবে বলে জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৫ সালের অক্টোবরে ৪৫০০ কোটি রুপির পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু রেলপথে ভারতের পশ্চিমাঞ্চল থেকে থেকে ত্রিপুরার পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছানো সম্ভব না হওয়ায় প্রকল্পের কাজ বিলম্বিত হয়।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আশুগঞ্জকে পোর্ট অব কল ঘোষণা করে বাংলাদেশের ওপর দিয়ে এসব যন্ত্রপাতি স্থানান্তরের বিষয়ে সমঝোতা হয়। পরবর্তীতে একটি আনুষ্ঠানিক চুক্তিও হয় এ বিষয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসজেড/জেকে/২২২৯ ঘ.
bdnews24