ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বংশাল থানার উপপরিদর্শক গৌতম রায় হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
রোববার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুহুল আমিন এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্র দাখিলের এ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপরিদর্শক শাখাওয়াত হোসেন এবং কনস্টেবল নূরুল ইসলাম।
অভিযোগপত্রে দেখা যায়, এর আগে মামলার তদন্তের দায়িত্বে ছিলেন সূত্রাপুর থানার উপপরিদর্শক মো. জালাল উদ্দিন।
অভিযুক্তরা হলেন- আহম্মেদ আলী ওরফে হায়দার ওরফে হাদী, জাকির হোসেন ওরফে কাইল্যা জাকির ওরফে বাইট্যা জাকির ওরফে সেলিম, মো. জামান মল্লিক ও মো. আবদুর রউফ ভূইয়া ওরফে সোহেল। তারা সবাই কারাগারে রয়েছে।
অভিযোগপত্র থেকে মো. আলী হায়দার এবং মো. জাকির হোসেনকে বাদ দেওয়া হয়েছে।
গত বছরের ২০ এপ্রিল পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় গৌতম সন্ত্রাসীদের হাতে খুন হন।
অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে ৪৭ জনকে। আলামত রয়েছে ৩৩ টি।
মামলার বাদি হচ্ছেন সূত্রাপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর কবীর খান।
আসামি আহম্মদ আলী নিজে এই হত্যাকাণ্ডে জড়িত বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, গৌতম তার পূর্ব পরিচিত শামীম ও আজমের সঙ্গে শামীমের জীপে করে সূত্রাপুরে র্যাংকিন ষ্ট্রীটের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন।
শামীমের বাসার সামনে গাড়ি রেখে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ধোলাইখালের লালমোহন সাহা ষ্ট্রীটে আশরাফ ইলেকট্রিক ষ্টোরের পূর্ব পাশের গলির প্রবেশমুখ পার হওয়ার সময় তিনজন লোককে তিনি দেখতে পান। তাদেরকে এতো গভীর রাতে সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করেন এবং তল্লাশি করতে গেলে তারা পিস্তল দিয়ে গৌতমকে এলাপাতাড়ি গুলি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১৩৬ ঘ.
bdnews24