ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে প্রার্থীদের পরিচিতি সভায় পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দেওয়ায় দুই পক্ষের সমর্থক আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রোববার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
আগামী ৩০ ও ৩১ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় প্রার্থীরা ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বক্তব্যের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী খন্দকার মাহবুব হোসেন বলেন, "আমি অঙ্গীকারে নয়, কাজে বিশ্বাস করি। সুপ্রিম কোর্ট বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের মানবাধিকার রক্ষার প্রতীক। একে নিরপেক্ষ রাখতে হলে কখনোই সরকারের হাতে তুলে দেবেন না। সময় এসেছে একে দলীয় প্রভাবের উর্ধ্বে রাখার। তা না হলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে।"
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী আব্দুল বাসেত মজুমদার বলেন, "আমি সাধারণ আইনজীবীদের দুঃখ-দুর্দশা বুঝি। বিরোধীদের প্রতিশ্র"তিতে ভুল পথে পরিচালিত হবেন না। এর পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে।"
নির্বাচিত হলে তাদের (সাধারণ আইনজীবীদের) সব সমস্যা সমাধানের অঙ্গীকারও করেন তিনি।
বাসেত মজুমদার আরো বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি ও সম্পাদক যুদ্ধ ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে ভাষায় বর্ণনাতীত স্লোগান দিয়েছেন।
এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে আব্দুল বাসেত মজুমদার, সম্পাদক পদে এসএম আবুল হোসেন প্রার্থী হয়েছেন।
এছাড়া একেএম জগলুল হায়দার আফ্রিক (সহ-সভাপতি), কেএম সাইফুদ্দিন আহমেদ (সহ-সভাপতি), জেসমিন সুলতানা (কোষাধ্যক্ষ), এসএম মাসুদ হোসাইন দোলন (সহ-সম্পাদক), এসএম জহুরুল ইসলাম (সহ-সম্পাদক), জেসমিন আক্তার কেয়া (সদস্য), মো. আব্দুস সাত্তার সিদ্দিকী (সদস্য), মো. আনোয়ার হোসেন রেজা (সদস্য), মো. বাহার উদ্দিন আল-রাজী (সদস্য), সঞ্চিতা সাহা (সদস্য), শোভানা বানু (সদস্য) ও স্বপন কুমার দত্ত (সদস্য) প্রার্থী হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে মো. বদরুদ্দোজা বাদল প্রার্থী হয়েছেন।
অন্যান্য পদের প্রার্থীরা হলেন, ফাহিমা নাসরিন মুন্নী (কোষাধ্যক্ষ), এএইচএম কামরুজ্জামান মামুন (সহ-সম্পাদক), গোলাম নূর তরুণ (সহ-সম্পাদক), এএমএম মোক্তার কবির খান (সদস্য), মারজিনা রায়হান মদিনা (সদস্য), বেগম দেলোয়ারা হাবিব (সদস্য), এবিএম রফিকুল হক তালুকদার রাজা (সদস্য), শওকত আরা বেগম দুলালী (সদস্য), মো. আছরারুল হক (সদস্য), মো. শহিদুল ইসলাম (সদস্য)।
ইন্ডিপেনডেন্ট ল'ইয়ার্স ফোরাম থেকে পাঁচজন প্রার্থী হয়েছেন। তারা হচ্ছেন, মো. শাহজাহান (সম্পাদক), মো. তারেক এম চৌধুরী (সহ-সভাপতি), সৈয়দ মতিউল ইসলাম (সহ-সভাপতি), মো. আবুল কালাম আজাদ (সহ-সম্পাদক) এবং মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া (সদস্য)।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সভাপতি পদে জাকির হোসেন এবং সহ-সম্পাদক পদে এবিএম শফিকুল ইসলাম বিপ্লব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২০৩৯ ঘ.
bdnews24