২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া পরিস্থিতি ৬ বাংলাদেশির লাশ এসেছে

লিবিয়া থেকে ফেরার সময় গ্রিসে সাগরে ডুবে মারা যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে ছয়জনের লাশ দেশে এসেছে। সোমবার আরো চারজনের মৃতদেহ ঢাকা পৌঁছানোর কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে ফেরার সময় গ্রিসে সাগরে ডুবে মারা যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে ছয়জনের লাশ দেশে এসেছে। সোমবার আরো চারজনের মৃতদেহ ঢাকা পৌঁছানোর কথা। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস রোববার এক সংবাদ সম্মেলনে জানান, ছয়জনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। "সোমবার আরো চার জনের লাশ দেশে পৌঁছালে আত্মীয়দের মাধ্যমে মৃতদেহ সনাক্ত করা হবে।" সলিমুল্লাহ মেডিকেলের ফরেসনিক বিভাগের প্রধান মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনি ও রোববার দুই দফায় ছয়টি লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে লাশগুলো মর্গে রাখা হয়েছে।" সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মরদেহ সংগ্রহ করে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবে। গত ৫ মার্চ লিবিয়া থেকে ফেরার পথে অবৈধভাবে গ্রিসে অনুপ্রবেশের জন্য ৪৯ জন বাংলাদেশি ক্রিট দ্বীপের কাছে ফেরি থেকে সাগরে লাফিয়ে পড়েন। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়। একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিহত ১৩ জনের মধ্যে ৩ জনের লাশ দুই সপ্তাহ আগে দেশে আনা হয়। মিজারুল কায়েস জানান, জাতিসংঘ লিবিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করার পর থেকে সীমান্ত পেরিয়ে মিশর ও তিউনিসিয়িয়ায় আশ্রয় নেওয়া বাংলাদেশির সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। "এই পরিস্থিতির মধ্যে ত্রিপোলী থেকে সীমান্ত পেরিয়ে তিউনিসিয়া বা মিশরে যাওয়ার চেষ্টা তাদের জন্য নিরাপদ হবে না।" সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩২ হাজার ৩৭৬ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন বলে সচিব জানান। এর মধ্যে ৩ হাজার ৭২২ জন ফিরেছেন বিদেশি চাকরিদাতাদের ব্যবস্থাপনায়। আর ২৬ হাজার ২৯৩ জনের ফেরার ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম। তিনি জানান, লিবিয়া-তিউনিসিয়া সীমান্তের রাস দির পয়েন্টে আরো ১ হাজার ২৩৯ জন বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সর্বশেষ শনিবার ৩২ জন বাংলাদেশি লিবিয়া থেকে ওই পয়েন্টে পৌঁছান। এদের মধ্যে অন্তত ৫০০ জনকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে সোমবারের মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মিজারুল কায়েস। শনিবার মাত্র তিনজন বাংলাদেশি লিবিয়া থেকে মিশরে পৌঁছেছেন জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, আইওএমের মাধ্যমে বাণিজ্যিক ফ্লাইটে তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এছাড়া লিবিয়া থেকে আলজেরিয়ায় আশ্রয় নেওয়া ৪৮ বাংলাদেশি ৩০ মার্চ দেশে ফিরবেন বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে মিজারুল কায়েস বলেন, লিবিয়ার সরকারি বাহিনী কোনো বাংলাদেশিকে সেখানে থেকে যাওয়ার জন্য বল প্রয়োগ করেছে- এমন কোনো তথ্য মন্ত্রণালয়ের জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/জেকে/২০২৯ ঘ.