ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিগ্রহণ না করে খাসজমিতে কবরস্থান করার দাবি জানিয়েছে রায়েরবাজার ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটি।
এ দাবি পূরণ না হলে অড়িয়াল বিলের চেয়েও বড় কর্মসূচি দেওয়া হবে বলে কমিটি ঘোষণা দিয়েছে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটির নেতারা এ দাবি জানান।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার মধ্যে রায়েরবাজার। মুলত: রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন জমির মালিকরাই এই কমিটির সদস্য হিসাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রহমত। তিনি বলেন, "সরকার চলতি বছরে রায়েরবাজার এলাকার ব্যক্তি মালিকানার জমি অধিগ্রহণ করে কবরস্থান করার উদ্যোগ নিয়েছে। ২০০১ সালেও একবার এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। পরে আবার তা বাতিল করা হয়।
নিুআয়ের মানুষ দীর্ঘদিন আগে এসব এলাকায় ২/১ কাঠা করে জমি কিনেছেন উল্লেখ করে রহমত বলেন, "এখন এসব জায়গার মূল্য কয়েকগুন বেড়েছে। মানুষ বাসাবাড়ি করার স্বপ্ন দেখছে। এ অবস্থায় অধিগ্রহণ করে কবরস্থান করা হলে এই জমির মালিকরা একেবারে নিঃস্ব হয়ে যাবে।"
রহমত বলেন, "এই জমির আশপাশে শত শত বিঘা খাস জমি রয়েছে। এসব জমিতে কবরস্থান করা হলে ব্যয় শতকরা ৭৫ ভাগ কমে যাবে।"
আগামী সাত দিনের মধ্যে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
কি ধরণের কর্মসূচি দেওয়া হবে প্রশ্ন করা হলে শহীদুল ইসলাম জানান, আড়িয়ল বিলে বিমানবন্দর করার সিদ্ধান্তের প্রতিবাদে যেভাবে স্থানীয় জনগন প্রতিরোধ করেছিল রায়েরবাজারের জনগন এর চেয়েও বড় প্রতিরোধ গড়ে তুলবে।
এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৪০ বছর পর রায়েরবাজারে একটি আধুনিক কবরস্থান হতে যাচ্ছে। এটি ভাল উদ্যোগ। মূলত গরীব মানুষের জন্যই এই কবরস্থান করা হচ্ছে। তাছাড়া যাদের জায়গা অধিগ্রহণ করা হবে তাদের উপযুক্ত মূল্য দেওয়া হবে, ফলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা নেই।
৮০ একর জায়গার মধ্যে ৮০ হাজার ৫শ কবর দেওয়ার ব্যবস্থা থাকবে জানিয়ে সচিব জানান, এটা তিন বছর পরপর সংস্কার করা হবে। কেউ জায়গা কিনতে পারবেন না। কবর ঘিরে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, একনেকে কবরস্থানের অনুমোদন হয়ে গেছে। এক সঙ্গে এত বিশাল খাস জমি পাওয়া দুস্কর। কবরস্থানের জন্য প্রয়োজন বড় জায়গা।
তিনি আশা প্রকাশ করে বলেন, "যারা আন্দোলন করতে যাচ্ছে তারা এক সময় ভুল বুঝবে। কবরস্থান ব্যক্তি মালিকানার কিছু নয়। এটি জনগণের কল্যাণের জন্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৬২৪ ঘ.
bdnews24