চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরণের পর রাউজানের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে, যাতে দিনে ১৮০ মেগাওয়াট উৎপাদন হতো।
রাউজানে 'চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র'র ২ নম্বর ইউনিটে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বয়লার বিস্ফোরণ ঘটে বলে বিদ্যুৎ কর্মকর্তারা জানিয়েছেন। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালু অবস্থায় ওই ইউনিটে বয়লার বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে কেন্দ্রের ভেতরে কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে পড়ে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানায়।
রাউজান থানার ওসি অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আতঙ্ক ছড়ালেও বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
গ্যাস সরবরাহ পাওয়ার পর গ্যাসচালিত এ ইউনিটটি গত ১৯ মার্চ চালু করা হয়। এর আগে গ্যাস স্বল্পতার কারণে এটি সাড়ে তিন মাস বন্ধ ছিলো। চালু হওয়ার পাঁচ দিনের মাথায় যান্ত্রিক ত্র"টির জন্য ২৩ মার্চ একদিন বন্ধ ছিলো।
যান্ত্রিক কোনো সমস্যার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছেন কর্মকর্তারা।
জনসংযোগ কর্মকর্তা জানান, ঢাকা থেকে তদন্ত দল চট্টগ্রামে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে এসেছে।
২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি ১৯৯৭ সালে উৎপাদন শুরু করে। বর্তমানে এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ১৮০ মেগাওয়াট।
কেন্দ্রের এক নম্বর ইউনিটটি সংস্কার কাজের (ওভারহলিং) জন্য বন্ধ রয়েছে বলে জানান মনিরুজ্জামান।
ইউনিটটি মেরামতে কয়েকমাস সময় লাগতে পারে বলে তিনি জানান।
মনিরুজ্জামান জানান, বিস্ফোরণের ফলে দুই নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24