বেনাপোল, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আটক হয়েছে ২৯ জন নারী, পুরুষ ও শিশু।
ভালো চাকুরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে বেনাপোলের বড় আচড়া সীমান্ত থেকে শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে।
যশোর ২২ বিজিবির বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি সংঘবদ্ধ পাচার চক্রের খপ্পরে পড়ে বড় আচড়া সীমান্ত পথে ভারতে পাচার হওয়ার সময় ৯টি শিশু ১১ জন নারী ও ৯ জন পুরুষ আটক হয়।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীরা।
আটককৃতদের মধ্যে মৌসুমী নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাচারকারীরা তাদের কাছ মাথা পিছু ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে ভালো কাজ দেওয়ার কথা বলে ভারতে নিয়ে যাচ্ছিল।
বিজিবি সদস্যরা তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২৩০৪ ঘ.
bdnews24