২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণে নেতৃত্বের যোগ্য কর্মী অনেক: ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংককে নেতৃত্ব দেওয়ার মতো অনেক যোগ্য কর্মী ব্যাংকটিতে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংককে নেতৃত্ব দেওয়ার মতো অনেক যোগ্য কর্মী ব্যাংকটিতে আছেন। ওয়াল স্ট্রিট জার্নালকে (ডব্লিউএসজে) এক সাক্ষাতকারে ইউনূস বলেছেন, যে আইনি কাঠামোয় গ্রামীণ ব্যাংককে চলে তাতেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণের পদ্ধতি দেওয়া আছে। এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। "বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা চলে গেছেন। কেউ সময়ের আগেই অবসর নিয়েছেন, আবার অন্যান্য কিছু কারণে কেউ ছেড়ে গেছেন।" কিন্তু এটা অস্বাভাবিক কিছু নয়- এ কথা উল্লেখ করে ইউনূস বলেন, গ্রামীণে নিবেদিত প্রাণ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের সঙ্গে যুক্ত। [তারা] ব্যাংকটিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য ও সামর্থ্যবান।" গ্রামীণ ব্যাংকে ইউনূস-পরবর্তী সময়ের প্রধান বিষয়ে কোনো পরিকল্পনা না থাকা এবং ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার ব্যাংক ছেড়ে যাওয়ার অভিযোগ বিষয়ে ডব্লিউএসজের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পরিচালক মুহাম্মদ ইউনূস। ওয়াল স্ট্রিট জার্নালের অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটি প্রকাশ হয় বৃহস্পতিবার। বেশি বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনূসকে অব্যাহতি দিয়ে গত ২ মার্চ আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। অব্যাহতি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস হাইকোর্টে একটি রিট আবেদন করেন ৩ মার্চ। একইদিন গ্রামীণ ব্যাংকের ১২ পরিচালকের নয়জনও ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। রিট দুটি খারিজ হওয়ার পর ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে গত ৯ মার্চ আবেদন করেন ইউনূস। আদেশ স্থগিত না করে গত ১৫ মার্চ ওই আপিলের শুনানি দু সপ্তাহের জন্য মুলতবি করে আপিল বিভাগ। গ্রামীণ ব্যাংক থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া ৮ হাজার কর্মকর্তা-কর্মচারীর পক্ষে সংবাদ সম্মেলন করে গত ১৪ মার্চ চাকরি ফেরত চাওয়া হয়। তবে পরদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক বলে, ওই কর্মকর্তা-কর্মচারীদের দাবি ভিত্তিহীন। 'প্রধানমন্ত্রী আমাকে রাজনৈতিক হুমকি ভাবেন না নিশ্চিত' [অব্যাহতি] ঘটনাপ্রবাহে রাজনীতির ভূমিকা কতোটুকু- এ প্রশ্নের জবাবে ইউনূস বলেন, বহুবার বলেছি আমার কোনো রাজনৈতিক উচ্চাকাক্সক্ষা নেই। "আমি নিশ্চিত প্রধানমন্ত্রী [শেখ হাসিনা] আমাকে রাজনৈতিক হুমকি হিসাবে দেখেন না।" ইউনূস বলেন, বাংলাদেশের দুবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল গত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়েছে। শুধু শেখ হাসিনা কেন, আমি কারো জন্যই রাজনৈতিক হুমকি নই। "তবে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বা অন্য কোনো বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো বিষয় থাকলে, সমাধান খুঁজতে তার সঙ্গে আলোচনায় বসলে আমি সম্মানিত হবো।" তাহলে রাজনীতিকরা কি গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সম্ভাব্য ভোট ব্যাংক হিসাবে বিবেচনা করছেন?- এ প্রশ্নের জবাবে ইউনূস বলেন, গ্রাহকদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করাতে কেউ প্রভাবিত করতে পারবে বলে আমি মনে করি না। মোবাইল ফোন ও তরল দুধসহ বিভিন্ন ব্যবসায় গ্রামীণের সাফল্য সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কে কী ধরনের প্রভাব ফেলেছে?- এ প্রশ্নের জবাবে ইউনূস বলেন, সরকারের সঙ্গে গ্রামীণ ব্যাংকের সম্পর্ক সবসময়ই ভালো। শুরু থেকেই সরকার ব্যাংকের অংশীদার। ব্যাংকের ২৫ শতাংশ মালিকানা সরকারের- এ কথা উল্লেখ করে ইউনূস জানান, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে সরকার সবসময় গ্রামীণ ব্যাংককে জোরালো সমর্থন দিয়ে এসেছে। "এমনকি ব্যাংকের চেয়ারম্যান এবং পরিচালনা পরিষদের দুই সদস্য সরাকরই নিয়োগ দেয়। সম্পর্কটা সবসময়ই দুপক্ষের তরফ থেকে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক ছিলো।" "জানি না এখনকার সমস্যাটা কেন দুপক্ষের সম্মতিতে সমাধান সম্ভব নয়।" ইউনূসের আবেদন, রবার্ট ব্লেকের হুঁশিয়ারি অব্যাহতি আদেশের পরদিন গ্রামীণ ব্যাংককে কোনো 'ধাক্কা না দেওয়ার' আবেদন জানান মুহাম্মদ ইউনূস। তিনি সাংবাদিকদের বলেন, ব্যবস্থাপনা পরিচালক পদে কে থাকলো সেটা বড় কথা নয়, আমি আপনাদের নিকট আবেদন করি, এখানে যেন কোনো ধাক্কা না লাগে। "আমি চলে যেতে চেয়েছি। কিন্তু পরিচালনা পরিষদের সিদ্ধান্তে আমাকে থাকতে হয়েছে।" ইউনূস সেদিন জানান, গ্রামীণ বাংকের ৮৩ লাখ ঋণগ্রহিতা রয়েছে। দেশের এক তৃতীয়াংশ পরিবার এর সঙ্গে যুক্ত। বাংলাদেশ সফরে এসে গত ২২ মার্চ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে। "সুশীল সমাজকে উপেক্ষা করে [ইউনূসের অব্যাহতি বিষয়ে] যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে [দুই দেশের] সম্পর্কের ওপর প্রভাব পড়বে।" অব্যাহতি আদেশ জারির দিন (গত ২ মার্চ) ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, ইউনূসকে অপসারণের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বিচলিত। ইউনূস বৃহস্পতিবার ডব্লিউএসজেকে বলেন, ৮৩ লাখ ঋণগ্রহীতার আস্থায় চিড় না ধরাতে নতুন ব্যবস্থাপনা পরিচালককে দায়িত্ব হস্তান্তরে 'মসৃণ' প্রক্রিয়া চান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২১০৮ ঘ.