ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন।
শনিবার সন্ধ্যায় আয়োজিত এ সংবর্ধনায় যোগ দেন সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ভুটানের রাজা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাকে অভ্যর্থনা জানান।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, ভুটানের রাজা ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে একটি কেক কাটেন।
প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, প্রধান নির্বাচন কমিশনার, প্রতিমন্ত্রীরা, কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, নির্বাচন কমিশনারদ্বয়, বিভিন্ন জাতীয় কমিশনের কমিশনারগণ, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, জাতীয় অধ্যাপকগণ, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট নাগরিকগণ এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
রাষ্ট্রপতি, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বিশিষ্ট শিল্পী এবং সশস্ত্র বাহিনী, আনসার ও ভিডিপি সদস্যরা দেশাত্মবোধক গান ও সংগীত পরিবেশন করেন।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২১৪৩ ঘ.
bdnews24