২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভূমিহীনদেরকে দেওয়া জমি দখলের চেষ্টা, সংঘর্ষ

ঢাকার সাভারে আশুলিয়ার আউখপাড়ায় আদর্শ গ্রামে ভূমিহীনদেরকে সরকারের দেওয়া প্রায় শত কোটি টাকা মূল্যের ৪৭ একর জমি দখলের চেষ্টা চালায় একদল ভূমিদস্যু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

সাভার, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে আশুলিয়ার আউখপাড়ায় আদর্শ গ্রামে ভূমিহীনদেরকে সরকারের দেওয়া প্রায় শত কোটি টাকা মূল্যের ৪৭ একর জমি দখলের চেষ্টা চালায় একদল ভূমিদস্যু। শনিবার সকালে তারা জমি দখলের চেষ্টাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তাদের হামলায় আহত হয় আনসারসহ প্রায় অর্ধশত লোক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদের মধ্যে দেলোয়ার হোসেন (৩৫), মজিবুর রহমান (৪০), শেফালী আক্তার (৪৫), ইমাম হোসেন কালূ (৪০), সিরাজ মিয়া (৩২), খোকন (৩৫), হারুন (১৮), মনির (১৮), স্বপন (২৫) ও সিরাজকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাদেরকে ও আনসার সদস্য শাহীনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভূমিহীনদের অভিযোগ, বাস্তুহারা সমাজকল্যাণ সমিতির (সেবা সংঘ) সভাপতি মনিরুজ্জামান খোকন নিজেই ওই জমি দখলের পাঁয়তারা করছে। তার সন্ত্রাসী বাহিনী প্রায় এক হাজার ভূমিহীন পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। ওই জমি থেকে চলে যাওয়ার জন্য প্রতিনিয়তই হুমকি দিচ্ছে। ভূমিহীনরা জানান, শনিবার সকাল ১০টার দিকে একদল সন্ত্রাসী ওই জমি থেকে তাদের উচ্ছেদ করার জন্য অর্তকিতে হামলা চালায়। সন্ত্রাসীরা দোকানসহ প্রায় ২০টি ঘরে ভাংচুর চালায় ও লুটপাট করে। কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রায় অর্ধশত বাসিন্দাকে। আহত বাসিন্দা ইমাম হোসেন কালু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে আমি বাড়ির পাশে মাঠে গরু চড়াচ্ছিলাম। এসময় পার্শ্ববর্তী বেলমা গ্রাম থেকে অস্ত্র সজ্জিত একদল সন্ত্রাসী এসে ফাঁকা গুলিবর্ষন করে আতঙ্ক সৃষ্টি করে ও আদর্শ গ্রামের ভূমিহীনদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা জসিম মাস্টার, অলিউর রহমান, জাফর আলম, রহিমা বেগম, মানিক, সুজন, খোরশেদ, সাহিদা আক্তার, ফোরকান আলীর বাড়ী ও শফিকের দোকানসহ প্রায় ২০টি ঘর ভেঙ্গে ফেলে এবং মালামাল লুটে নেয়। ওই পরিবারের সদস্যরা পালিয়ে প্রাণ রক্ষা করেন।" তিনি আরো বলেন, "এসময় আদর্শ গ্রামের ভূমিহীনরা বাধা দিলে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে প্রায় অর্ধশত লোককে আহত করে।" আহতদের অনেকেই জানান, সন্ত্রাসীদের কয়েকজনকে তারা চিনতে পেরেছেন। তারা হছে খালেক, মেছের, বুশু, খোরশেদ, কবির, জাহাঙ্গীর, ওসিয়ার, জসিম, সিরাজ, ফোরকান। আহতরা জানান, প্রায় ৩ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। আশুলিয়া থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুপুর একটার দিকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ভূমিহীনরা অভিযোগ করেন, প্রায় দেড় মাস আগে সন্ত্রাসীরা আদর্শ গ্রামে আনসার ক্যাম্পসহ বেশ কয়েকটি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জমি দখলের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছিল। প্রকল্পের বাসিন্দা ও মহিলা পরিষদের আউখপাড়া কমিটির সম্পাদক রওশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ভূমিহীনরা। তিনি দাবি করেন, তিনি ভূমিহীনদের পক্ষে কথা বলায় দেড় মাস আগে সন্ত্রাসীরা তার বাড়িতে বোমা হামলা করেছিলো। ওই ঘটনায় কেউ আহত হয়নি। তিনি বলেন, "সন্ত্রাসীরা এভাবে তাণ্ডব চালিয়ে ভূমিহীনদের উচ্ছেদ করে জমি দখলের পায়তারা করছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।" আউখপাড়ায় আদর্শ গ্রামে দায়িত্বরত আনসার কমান্ডার রেজাউল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতগুলো সন্ত্রাসীর সামনে নিরস্ত্র মাত্র ১২জন আনসার সদস্য ছিল অসহায়। সন্ত্রাসীরা আমাকে ও কয়েকজন আনসার সদস্যকে মারধর করেছে। শাহীন নামের এক আনসার সদস্যকে তারা ধরে নিয়ে গিয়েছিল। পরে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত জমি থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করি।" তিনি বলেন, "এ সন্ত্রাসী বাহিনী দেড় মাস আগে আনসার ক্যাম্পে বোমা নিক্ষেপ করেছিল। বিকট শব্দে বিস্ফোরিত হয়েছিল বোমাটি। তখন সকলেই ঘরের ভিতরে থাকায় সে যাত্রায় আমরা বেঁচে যাই।" এদিকে বাস্তুহারা সমাজকল্যাণ সমিতির সভাপতি মনিরুজ্জামান খোকন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার প্রতিপক্ষ খালেকের নেতৃত্বে সন্ত্রাসীরা ভূমিহীনদের উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করছে।" তিনি নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দিচ্ছেন বলে জানান। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" উল্লেখ্য, ২০০৩ সালে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড থেকে ভূমিহীনদের জন্য ভাওয়াল রাজ এস্টেটের ১১ দশমিক ৪১ একর এবং ২০০৪ সালে কোর্ট অব ওয়ার্ডস থেকে আরও ৩৫ একর জমি বাস্তুহারা সমাজকল্যাণ সমিতির নামে বন্দোবস্ত নেওয়া হয়। এর পর আড়াই শতাংশ করে প্লট আকারে ওই জমি ভূমিহীনদের মধ্যে অর্থের বিনিময়ে বণ্টন করা হয়। তবে ভূমিহীনদের কথা বলা হলেও বেশিরভাগ জমিই ভূমিহীনদের না দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ধনীদের কাছে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, প্রভাবশালীরা বাস্তুহারা সমাজকল্যাণ সমিতির তৎকালীন সভাপতি এমএ জামানের মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এমএ জামানের মৃত্যুর পর তার ছেলে মনিরুজ্জামান খোকন এ সমিতির সভাপতি হওয়ার পর থেকে ভূমিহীনদের উপর অত্যাচার ও নির্যাতন চলছে বলে অভিযোগ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৭ ঘ.