২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডামুড্ডায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ

স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে শরীয়তপুরের ডামুড্ডায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

শরীয়তপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে শরীয়তপুরের ডামুড্ডায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে ডামুড্ডা উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘাত বাঁধে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সংঘর্ষের জন্য দুই দল পরস্পরকে দোষ দিচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপি একটি শোভাযাত্রা বের করে। তা নতুন বাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ কার্যালয় থেকে এক দল কর্মী তাদের ওপর হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষে ২০ জন আহত হয়। এর মধ্যে রয়েছেন- দারুল আমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোতা হাওলাদার, মহিলা দলের নেত্রী রুকসানা, হারুন সরদার, হাজী ইদ্রিস উকিল, থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজ্জাক মাঝি, সোলায়মান খান, স্বপন ছৈয়াল, ছাত্রলীগকর্মী শহিদুল ইসলাম প্রমুখ। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। সংঘাতের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ডামুড্যা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সাংবাদিকদের বলেন, "আমাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় আওয়ামী লীগ অফিস থেকে বেরিয়ে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়।" এ অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল মাদবর বলেন, "বিএনপির শোভযাত্রা থেকে আওয়ামী লীগ অফিসে ইট ছোড়া হয়।" ডামুড্যা থানার ওসি আবদুল কাদের ভূইয়া বলেন, বিএনপি মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের কর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.