২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ইউপি নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

বরগুনা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন। বরগুনা প্রেসক্লাবে শুক্রবার রাতে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া টিপু সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিকুর রহমান মৃধা ও তার সমর্থকদের হুমকি-ধমকিতে তার সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিদ্দিকুর রহমান। টিপুর অভিযোগ, বিরোধী পক্ষ তার স্ত্রীকে লাঞ্ছিত, ছোট ভাই টুকুকে অবরুদ্ধ করে রাখাসহ জাফর নামে এক সমর্থককে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিকুর সরকারদলীয় স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ভায়রা। তার ক্ষমতাকে ব্যবহার করে সিদ্দিকুর প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ টিপুর। তিনি বলেন, সংসদ সদস্যের স্ত্রী প্রতিদিন সিদ্দিকুরের পক্ষে নির্বাচনী সভা ও প্রচারে অংশ নিয়ে ভোটারদের বিভিন্ন প্রতিশ্র"তি দিচ্ছেন। এদিকে টিপুর সংবাদ সম্মেলনের সময় সিদ্দিকুর রহমান মৃধার কয়েক হাজার সমর্থক সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে প্রেসক্লাবের সামনে মৌন মিছিল করে। টিপুর অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে সিদ্দিকুর শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন।" সংসদ সদস্যের স্ত্রীর প্রচারে নামার বিষয়ে তার বক্তব্য- "জেলা আওয়ামী লীগের সব নেতাকর্মী আমার পক্ষে নেমেছে।" এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কিনা- এমন প্রশ্নের জবাবে কিবরিয়া বলেন, "তা আমি জানি না।" টিপু তার অভিযোগ নির্বাচন কমিশন কার্যালয়েও দিয়েছেন। জেলা নির্বাচন আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, তারা অভিযোগ তদন্ত করছেন। আগামী ৩১ মার্চ বরগুনা সদর উপজেলার ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে বুড়িরচর ইউনিয়নও একটি। ভোটের দিন ওই এলাকায় অতিরিক্ত নজর থাকবে বলে জানান নির্বাচন কর্মকর্তা মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬৫৫ ঘ.