চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি নিয়ে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস।
শনিবার প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।
প্রথমেই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী একসাথে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দীর্ঘদিন ধরে নগর আওয়ামী লীগের রাজনীতিতে একে অপরের বিরোধী বলে পরিচিত সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও যুগ্ম সম্পাদক আফসারুল আমীন একত্রে ফুল দেওয়ায় এসময় শহীদ মিনারে উপস্থিত দলীয় নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে মহিউদ্দিন ও আফসারুল আমীনের অনুসারী নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথকভাবে দলীয় ব্যানারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর একে একে শহীদ মিনারে ফুল দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমেদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।
পরে শহীদ মিনারে নগর আওয়ামী লীগের দুইপক্ষ, আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মহানগর বিএনপি'র নেতাকর্মীরা, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য দেয়।
শনিবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে।
এর মধ্যে গণফোরাম, জাসদ, বাসদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী, যুবলীগ, যুব ইউনিয়ন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, খেলাঘর, প্রজন্ম'৭১, বন্দর শ্রমিক ইউনিয়ন, উদীচী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, সমাজ সমীক্ষা সংঘ উল্লেখযোগ্য।
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ছাড়াও বিভিন্ন সংগঠন নগরী ও জেলার বিভিন্ন স্থানে আলোচনা, সভা, চিত্র প্রদশর্নী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পৃথক কর্মসূচিও পালন করা হচ্ছে।
সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদশর্নী অনুষ্ঠিত হয়।
বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রামের সাত বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা স্মারক সম্মাননা দেওয়া হবে।
এই সাতজন হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ মান্নান (মরণোত্তর), সাবেক গণপরিষদ সদস্য আব্দুল্লাহ আল হারুণ (মরণোত্তর), ভাষাসৈনিক চৌধুরী হারুণ অর রশীদ (মরণোত্তর), ভাষাসৈনিক একেএম রফিকুল্লাহ চৌধুরী, ভাষাসৈনিক একেএম এমদাদুল ইসলাম, মহিলা সংগঠক অধ্যাপিকা মাহফিল আরা আজমত (মরণোত্তর), সাবেক সচিব ফেরদৌস খান।
এছাড়া নগরীর ডিসি হিলে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব ও বইমেলা। মেলায় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় জমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৬০৫ ঘ.
bdnews24