২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

নোয়াখালী, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষ চলাকালে তিনটি বাড়ি, ১০টি দোকান ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এর জেরে স্থানীয় প্রশাসন শুক্রবার বিকাল ৩টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত সোনাইমুড়ি বাইপাস, ছাতারপাইয়া চৌরাস্তা এবং সোনইমুড়ি মডেল স্কুল শহীদ মিনারসহ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাইমুড়ী স্ট্যান্ডের ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে দৈনিক চাঁদার টাকা নিয়ে লাইনম্যান স্বপনের কথা কাটাকাটি হয়। এর জেরে সোনাইমুড়ী গ্রামের এক ব্যক্তি নাওতোলা গ্রামের এক অটোরিকশা চালককে মারধর করে। রাত ১০টার দিকে এ দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হন দুই গ্রামের অন্তত ২০ জন। তাদের মধ্যে তৈয়ব আলী (২৮), সুজন (২২), মাছুম (১৮), দেলোয়ার (২৬), আজিম (২০), মিন্টু (৪০), লিটন (৩০), মানিক (৩০), জুয়েল (২৫), মানিক (২৭), রিপন (১৭), লিটন (২৪), রফিক (৫০), জালাল (৪৫) ও সুমনকে (২০) উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। জেলা সদর থেকে যাওয়া দাঙ্গা পুলিশ ও সোনাইমুড়ি থানা পুলিশ রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে আবারো সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হয় উভয়পক্ষের আরো অন্তত ১০ জন। দুই গ্রামের তিনটি বাড়িতে হামলা হয়। ১০টি দোকানে ভাংচুর-লুটপাট এবং কয়েকটি অটোটেম্পু, সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক ভাংচুর করা হয়। ওই সময় নোয়াখালী-কুমিল্লা সড়কে কয়েকশ' যানবাহন আটকা পড়ে। পুলিশ ও র‌্যাব রাবার বুলেট নিক্ষেপ করে দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, সোনাইমুড়ি বাইপাস, ছাতারপাইয়া চৌরাস্তা এবং সোনইমুড়ি মডেল স্কুল শহীদ মিনারসহ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত এসব এলাকায় স্বাধীনতা দিবসের কার্যক্রমে কোনো বাধা থাকবে না বলে তিনি জানান। সোনাইমুড়ী থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। দু'জন দোকানী বাদী হয়ে থানায় পৃথক দু'টি মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম ও লোকমান হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪১ ঘ.