ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার উত্তরায় যাত্রা শুরু করলো ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর ফ্ল্যাগশিপ আউটলেট।
ব্র্যাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার উত্তরার ৩ নম্বর সেক্টরে এ আউটলেটের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "ব্র্যাক দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এটি ব্যক্তি মুনাফা বা ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান নয়। এই আউটলেটের যাত্রা শুরুর মধ্য দিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন হলো।"
অন্যদের মধ্যে ব্র্যাকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ আলী ও পরিচালক তামারা আবেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে এক সংবাদ সম্মেলনে তামারা আবেদ জানান, এ দেশের ঐতিহ্যবাহী নকশি কাঁথাকে ফিরিয়ে আনতে উত্তরা আউটলেটের সাজসজ্জায় নকশিকাঁথাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের পোশাক, বই, খেলনা, চামড়ার তৈরি পণ্য ও গৃহস্থালীর সামগ্রী পাওয়া যাবে এ আউটলেটে।
এছাড়া ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 'প্রদর্শনী গ্যালারী', 'এক্সক্লুসিভ' পণ্য নিয়ে 'এক্সক্লুসিভ ফ্লোর' এবং প্রিমিয়াম কাস্টমার লাউঞ্জ।
তামারা আবেদ বলেন, "এ আউটলেটে কেনাকাটা হবে ক্রেতাদের জন্য এক নতুন অভিজ্ঞতা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/জেকে/১৮২২ ঘ.
bdnews24