বরগুনা, মার্চ ২৫ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার ৬ থানার ওসি এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসন শুক্রবার জানিয়েছে।
বরগুনা জেলার ৩৫টি ইউনিয়নে ২৯ ও ৩১ মার্চ এবং ৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. মাহাবুব হাকিম সাংবাদিকদের জানান, "সরকারি নির্দেশে এই রদবদল করা হয়েছে।"
তিনি জানান, বরগুনা সদর থানার ওসি মো. বাবুল আখতারকে আমতলী থানায়, তালতলী থানার আবদুল খালেক হাওলাদারকে বরগুনা সদর থানায়, আমতলী থানার মো. শামসুল হককে তালতলী থানায়, পাথরঘাটা থানার মো. নূরুল হককে বেতাগী থানায়, গোয়েন্দা বিভাগের আলী আজিমকে বামনা থানায়, বেতাগী থানার মো. শাহ আলমকে গোয়েন্দা বিভাগে ও বামনা থানার বেলায়েত হোসেনকে পাথরঘাটা থানায় বদলি করা হয়েছে।
শুক্রবার তারা নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে জানান এসপি।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মন্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬২৫ ঘ.
bdnews24