মাদারীপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় বিদ্যুতের দাবীতে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে।
রাজৈর উপজেলা সদরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রাজৈর উপজেলা চেয়ারম্যান আল-আমিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ও বিদ্যুতের দাবীতে স্থানীয়রা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি রাজৈর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা রাজৈর বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা ইউএনও'র বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে রাজৈর উপজেলা চেয়ারম্যান আল-আমীন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী ও পুলিশ রাত ৮টার দিকে ওই সড়ক থেকে অবরোধ তুলে দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬০৪ ঘ.
bdnews24